আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনলে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগিয়ে আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তাদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ সপ্তাহ-২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “ফ্যাসিবাদ ও আওয়ামী শক্তির দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগাতে হবে। এ ধরনের ব্যক্তিদের গ্রেপ্তারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করা হবে।” তিনি জানান, গত সপ্তাহে দুজন এবং আগের দিন আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি অতীতের হত্যাকাণ্ড, গুম ও বিচারবহির্ভূত হত্যার প্রসঙ্গ তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।
শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরত আনার বিষয়ে তিনি বলেন, “প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।” সংশ্লিষ্টরা স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হলে আইন নিজস্ব গতিতে চলবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে ৯৮ পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পূজা বাড়াইক/প্রসি-২৬
মন্তব্য করুন: