এভাবে একটি দেশ চলতে পারে না: সাদিক কায়েম
চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় জুলাইয়ের ‘অকুতোভয় কণ্ঠস্বর’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর, ছিনতাই ও লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে সাদিক কায়েম এসব কথা বলেন।
পোস্টে তিনি বলেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় সালমান মুক্তাদিরের স্টুডিওতে বিএনপির লোকজন হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। তিনি এটিকে বিচ্ছিন্ন ঘটনা নয় উল্লেখ করে বলেন, সারাদেশে চাঁদাবাজি ও দখলদারির যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটি তার একটি নমুনা।
সাদিক কায়েম আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর সরকারের প্রশ্রয়ে দেশের বিভিন্ন জায়গায় ‘নব্য জমিদারদের’ উত্থান ঘটেছে। তারা দেশকে নিজেদের জমিদারি মনে করে ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় খাজনার মতো চাঁদা দাবি করছে বলে অভিযোগ করেন তিনি।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটছে দাবি করে সাদিক কায়েম বলেন, মানুষের তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন, বছরের পর বছর পরিশ্রমে দাঁড় করানো ব্যবসা বা প্রতিষ্ঠান মুহূর্তেই ধ্বংস করে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘এভাবে একটা দেশ চলতে পারে না। নিজের দলের নব্য জমিদারদের লাগাম সরকার যত দ্রুত টেনে ধরতে পারবে, সেটা তাদের নিজেদের জন্যই মঙ্গলজনক হবে।’
পোস্টের শেষাংশে সাদিক কায়েম বলেন, ‘বাংলাদেশকে আমরা আর কারও জমিদারিতে পরিণত হতে দেব না, এই দেশ হবে জনগণের।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: