সিলেটের ২ ছাত্রলীগ নেতাকে পুলিশ থেকে ছাড়িয়ে নেয়ায় বিএনপি নেতা বহিষ্কার

সিলেটের ২ ছাত্রলীগ নেতাকে পুলিশ থেকে ছাড়িয়ে নেয়ায় বিএনপি নেতা বহিষ্কার

প্রথম সিলেট প্রতিবেদন

২৪/১১/২০২৬ ১১:০৮:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কানাইঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেতা আফসর উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সিলেট জেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এতে স্বাক্ষর করেন।

এর আগে গত রোববার রাত ৯টার দিকে উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মুলাগুল বাজারে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের দুই নেতাকে ছাড়িয়ে নেওয়ার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কানাইঘাট থানার এসআই নিয়াজ মোহাম্মদ শরীফের নেতৃত্বে পুলিশের একটি দল সীমান্তবর্তী এলাকায় টহল দিচ্ছিল। এ সময় মুলাগুল বাজারে একটি মামলার আসামি নিষিদ্ধ সিলেট জেলা ছাত্রলীগের সদস্য শাহিদ রানা ও তার নিকটাত্মীয় ছাত্রলীগ নেতা সাদেক আহমদের অবস্থানের খবর পেয়ে পুলিশ সেখানে যায়।

সেখানে মানবসেবা মেডিকেল নামে একটি দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতাকর্মী ও স্বজনেরা পুলিশের কাছ থেকে তাদের ছাড়িয়ে নেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় বিএনপি নেতা আফসর উদ্দিনের নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি শাহিদ রানার বড় ভাই এবং উপজেলা বিএনপির সদস্য ও লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপির সহসভাপতি।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকায় অভিযান চালান। তবে পাহাড়ি এলাকা হওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কানাইঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান জানান, নাশকতা চেষ্টার খবর পেয়ে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা মুলাগুল বাজারে গিয়ে শাহিদ রানা ও সাদেক আহমদকে আটকের চেষ্টা করেন। এ সময় বিএনপি নেতা আফসরসহ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়ে তাদের ছাড়িয়ে নেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ পরিদর্শক জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad