হাসিনাকে নাগরিকত্ব দিয়ে ভারতেই রেখে দেন: রাশেদ খান
পলাতক শেখ হাসিনাকে নাগরিকত্ব দিয়ে ভারতেই রেখে দিতে দেশটির সরকারকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান।
তিনি বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশি নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট দাবি করতে পারেন না। মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় ভারতের সরকারকে উদ্দেশ করে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে জাতীয় ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘আমরা বাংলাদেশি’ সংগঠন এ সভার আয়োজন করে।
রাশেদ খান বলেন, ‘দণ্ডিত অপরাধী শেখ হাসিনা রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান। এনআইডি কার্ড চান, পাসপোর্ট চান। এটা কি মামাবাড়ির আবদার? মোদি সরকারকে বলব—আপনারা তাকে নাগরিকত্ব দিয়ে সেখানেই রেখে দেন।’
শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না মন্তব্য করে তিনি বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতারা যতই যা বলুক না কেন, শেখ হাসিনা দেশে ফিরবেন না। সীমান্ত দিয়েও ফিরবেন না, সমুদ্রপথেও ফিরবেন না, আকাশপথেও ফিরবেন না।’
বিরোধী দলগুলোর উদ্দেশে রাশেদ খান বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির সম্মত হওয়া বিষয়গুলো নোট অব ডিসেন্টসহ বাস্তবায়ন করবে। এ নিয়ে নতুন করে বিতর্কের কিছু নেই।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, জ্বালাও-পোড়াও করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে যাবে, তা অবিশ্বাস্য। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, সরকার তাঁকে ফেরত চায়। রায় হয়ে গেছে, এখন তা বাস্তবায়ন হবে।
আমরা বাংলাদেশি’ সংগঠনের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে কোনো আপস নেই। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ বক্তব্য দেন।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: