ছাতকে যুক্তরাজ্য প্রবাসীর জমির গাছ কাটার অভিযোগ, স্বজনদের পাল্টা দাবি
সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের দড়ারপার গ্রামে যুক্তরাজ্য প্রবাসী সালে আহমদের মালিকানাধীন জমির শতাধিক গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে তাঁর স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় ছোট ভাই জহির আহমদ ও চাচাতো ভাই রকিব আল মামুনকে অভিযুক্ত করেছেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করে ভিন্ন বক্তব্য দিয়েছেন অভিযুক্ত দুইজন।
প্রবাসীর অভিযোগ ও দাবিদড়ারপার গ্রামের হাজী আব্দুর রাজ্জাকের ছেলে সালে আহমদ জানান, দীর্ঘদিন যুক্তরাজ্যে থাকার সুযোগে তাঁর সম্পত্তির বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কেটে বিক্রি করা হয়েছে। একই সঙ্গে জমি থেকে মাটি কেটে বিক্রি করেও অর্থ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এতে তাঁর লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে দাবি করে সালেহ আহমদ আরও জানান, রকিব আল মামুন তাঁর কাছ থেকে কয়েক লাখ টাকা ঋণ এনে দিচ্ছেন না এবং উল্টো তাঁকে হুমকি-ধমকি দিচ্ছেন।
সালেহ আহমদের ভাষ্য অনুযায়ী, তাঁদের বাবা হাজী আব্দুর রাজ্জাক ছয় ছেলের মধ্যে বাড়ি ও জমি ভাগবাটোয়ারা করে দিয়েছেন। তবে প্রবাসে অবস্থানের কারণে সম্পত্তি দেখভালের সুযোগ কম থাকায় সমস্যা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে একাধিকবার বিচার-সালিশ হলেও কোনো সুরাহা হয়নি।
প্রবাস থেকে পাঠানো এক ভিডিওবার্তায় সালেহ আহমদ বলেন, তাঁর অনুপস্থিতিতে জহির আহমদ ও রকিব আল মামুনের নেতৃত্বে সম্পত্তির ক্ষতি করা হচ্ছে। এ বিষয়ে তিনি গ্রামবাসীর পাশাপাশি মোবাইল ফোনে ছাতক থানাকেও অবগত করেছেন। নিজের বাড়ি ও সম্পত্তির সুরক্ষায় যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পরামর্শও নিচ্ছেন বলে জানান তিনি। গত ২৪ নভেম্বর (মঙ্গলবার) সরেজমিনে ঘটনাস্থলে গাছ কাটার দৃশ্য দেখা যায়।
অভিযোগ প্রসঙ্গে জহির আহমদ বলেন, তিনি ছোট-বড় মিলিয়ে ২০ থেকে ২৫টি গাছ কেটে ৩৮ হাজার টাকায় বিক্রি করেছেন। তাঁর দাবি, ছয় ভাইয়ের মধ্যে কিছু জমি বণ্টন হলেও অধিকাংশ জমি এখনো এজমালি অবস্থায় রয়েছে। এর আগে বড় ভাই সালে আহমদও একই জায়গা থেকে গাছ কেটেছিলেন বলে দাবি করেন জহির। চাচাতো ভাই রকিব আল মামুনকে অযথা জড়িয়ে নিরপেক্ষ ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।অন্যদিকে, রকিব আল মামুন বলেন, সালে আহমদ তাঁর চাচাতো বড় ভাই। প্রবাসে থাকলেও তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় এবং মাঝেমধ্যে দেওয়া দায়িত্ব তিনি সততার সঙ্গে পালন করেন। তাঁর দাবি, সালে ও জহির দুজনই তাঁর চাচাতো ভাই; তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনায় জড়ানো হয়েছে। বড় ভাইয়ের বিরুদ্ধে কোনো পাল্টা বক্তব্য না দিলেও সংবাদমাধ্যমের মাধ্যমে মিথ্যা অভিযোগ না করার আহ্বান জানান মামুন। সালে আহমদ দেশে ফিরলে এলাকার মুরুব্বিদের নিয়ে পারিবারিক জমিজমার বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
জমির মালিকানা, ভাগবাটোয়ারা ও গাছ কাটার পরিমাণ নিয়ে দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট ভিন্নতা রয়েছে। এ নিয়ে পারিবারিক বিরোধ সৃষ্টি হয়েছে। দ্রুত সমঝোতা বা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পাশাপাশি প্রকৃত মালিকানা ও ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সুজন তালুকদার/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: