তাহিরপুরের শ্রীপুর বাজার থেকে কাউকান্দি পর্যন্ত রাস্তাটি এখন মরণফাঁদ!
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজার থেকে কাউকান্দি বাজার পর্যন্ত রাস্তার অবস্থা এখন ভয়াবহ রূপ নিয়েছে। খানাখন্দে ভরা এই সড়কটি যেন একেকটি মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে ভোগান্তির শিকার হচ্ছেন স্কুলগামী শিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও রোগীবাহী যানবাহনসহ সর্বস্তরের মানুষ।
শ্রীপুর বাজারের পল্লী চিকিৎসক শামসুজ্জামান মাহমুদ বলেন, “দীর্ঘদিন ধরে এ সড়কে কোনো সংস্কার কাজ হয়নি। বর্ষাকালে দুর্ভোগ আরও চরমে ওঠে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়, চলাচল প্রায় অযোগ্য হয়ে পড়ে। পাকা রাস্তার পাটল উঠে গেছে, রড বেরিয়ে এসেছে— তবুও ঝুঁকি নিয়ে মানুষ যাতায়াত করছে।”
এই সড়কটি তাহিরপুর উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। সড়কটির পাশে রয়েছে জনতা উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ ভবন, বন বিট অফিস, ইউনিয়ন ভূমি অফিস এবং শ্রীপুর উপস্বাস্থ্যকেন্দ্র। প্রতিদিন শত শত মানুষ এই রাস্তায় চলাচল করেন।
স্থানীয় এক যুবক (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, “এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। সবাই প্রতিশ্রুতি দেন, কিন্তু মাঠে কোনো পদক্ষেপ দেখা যায় না।”
স্থানীয়রা জানান, রাস্তাটি সংস্কারের দাবিতে বিভিন্ন সময় সংবাদ প্রকাশ ও আবেদন জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে দুর্ভোগ দিন দিন বাড়ছে। তাঁরা দ্রুত সড়কটি চলাচলের উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
তাহিরপুর উপজেলার প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, “রাস্তা সংস্কারের কোনো প্রকল্প আছে কি না, তা যাচাই করে জানাতে হবে।”
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক–এর সরকারি মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এ রহমান
মন্তব্য করুন: