সুনামগঞ্জে একদিনে পৃথক ঘটনায় দুটি সংঘর্ষ: নারীসহ আহত অন্তত ৯০ জন

সুনামগঞ্জে একদিনে পৃথক ঘটনায় দুটি সংঘর্ষ: নারীসহ আহত অন্তত ৯০ জন

প্রথম সিলেট প্রতিবেদন

০৪/১১/২০২৬ ১৯:৪৮:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শান্তির জেলা সুনামগঞ্জে একদিনের ব্যবধানে দুটি পৃথক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে দিরাই উপজেলায় প্রেমের সম্পর্ক ও পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এবং ছাতক উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হয়। এসব ঘটনায় নারীসহ অন্তত ৯০ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উভয় অঞ্চলেই বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশ মোতায়েন রয়েছে।

দিরাইয়ে রণক্ষেত্র, দুই গ্রামের সংঘর্ষে আহত ৪০

সুনামগঞ্জের দিরাইয়ে প্রেমের সম্পর্ক ও পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর ও হলিমপুর গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহত জাকারিয়া, রিপা বেগম, মাহি সর্দার, গিয়াস উদ্দিন ও রহিম উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাটিয়াপুর গ্রামের যুবকের সঙ্গে প্রতিবেশী হলিমপুর গ্রামের এক তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত মঙ্গলবার রাতে ওই তরুণী অন্য এক যুবকের সঙ্গে পালিয়ে যান। এ ঘটনায় বুধবার দুপুরে দুই গ্রামের মুরব্বিরা সামাজিকভাবে বিষয়টি সমাধানের উদ্যোগ নেন। কিন্তু বিয়ের প্রস্তুতি ও কাবিনের টাকা নির্ধারণ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে চরমহল্লা ও পাইগাঁও গ্রামের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সকালে শুরু হওয়া প্রায় দুই ঘণ্টাব্যাপী এই দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার ফুটবল খেলার হারজিত নিয়ে চরমহল্লা ও পাইগাঁও গ্রামের যুবকদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জেরে বুধবার সকালে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad