সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে মাতৃত্বকালীন ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ

সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে মাতৃত্বকালীন ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ

প্রথম সিলেট প্রতিবেদন

০৪/১১/২০২৬ ১৯:১৫:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্তের পর সিলেটের বেসরকারি হাসপাতাল মাউন্ট এডোরার একটি মাতৃত্বকালীন সেবা ইউনিটে রোগী ভর্তি বন্ধের নির্দেশ দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। তদন্তে ইউনিটটিতে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ জনবল ও জরুরি অস্ত্রোপচারের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার বিষয়টি উঠে এসেছে।

বুধবার (৪ নভেম্বর) তদন্ত কমিটির প্রধান ও সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হাসপাতালের সম্প্রতি চালু হওয়া ‘অল উইমেন মেটারনিটি কেয়ার’ ইউনিটে গাইনি বিশেষজ্ঞ ও স্থায়ী অ্যানেসথেসিওলজিস্ট নেই। এ ছাড়া দক্ষ জনবল ও জরুরি অস্ত্রোপচারের পর্যাপ্ত ব্যবস্থার ঘাটতি রয়েছে।

ডা. জন্মেজয় দত্ত বলেন, ‘‘এসব অসংগতির কারণে ইউনিটটির কার্যক্রম বন্ধ রাখার সুপারিশ করেছে তদন্ত কমিটি।প্রয়োজনীয় ঘাটতি পূরণ করে পুনরায় চালুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে সিভিল সার্জন কার্যালয়ে আবেদন করতে হবে। গত বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সুপারিশ অনুযায়ী চলতি সপ্তাহে রোগী ভর্তি বন্ধের নির্দেশ দেওয়া হয়।’’

গত ৯ অক্টোবর আখালিয়া এলাকার ওই হাসপাতালে সন্তান প্রসবের সময় এক নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ করেন স্বজনেরা। তাঁদের অভিযোগ, অস্ত্রোপচারের অনুরোধ উপেক্ষা করে স্বাভাবিক প্রসবের চেষ্টা করায় শিশুটির মৃত্যু হয়েছে।

স্বজনদের ভাষ্য, প্রসবের সময় শিশুর মাথা বের হলেও কাঁধসহ শরীরের বাকি অংশ আটকে যায়। পরে টানাটানিতে শিশুটির শরীরে গুরুতর আঘাত লাগে এবং শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেন স্বজনেরা। এর পরিপ্রেক্ষিতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে বিভিন্ন অসংগতি পাওয়ার পর ইউনিটটিতে রোগী ভর্তি বন্ধের সুপারিশ করে কমিটি।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad