জৈন্তাপুরে নবাগত ইউএনওর সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময়

জৈন্তাপুরে নবাগত ইউএনওর সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

০৪/১১/২০২৬ ১৪:১৬:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খানের সঙ্গে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীমা সুলতানা, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন ১৭ পরগনা শালিস সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরী, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাফিজ, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক  সদস্য মুহিবুল হক মুহিব, উপজেলা বিএনপির সহ সভাপতি আবদুস শুক্কুর  (নেতা শুক্কুর), ১ নম্বর নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, ৪ নম্বর দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক হারুন রশিদ সরকার, ১ নম্বর নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস শুক্কুর মেম্বার, ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আহাদ  সাধারণ সম্পাদক জালাল উদ্দিন মেম্বার, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার বিলাল, সাবেক সভাপতি নুরুল ইসলাম এবং জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইমাম উদ্দিন।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ, জাফলং ট্যুরিস্ট পুলিশ ও তামাবিল হাইওয়ে পুলিশের প্রতিনিধি, বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি) ক্যাম্প কমান্ডার, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক, কলেজের অধ্যক্ষ, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জৈন্তাপুর প্রেসক্লাব, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব ও জৈন্তাপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে নবাগত ইউএনওর দৃষ্টি আকর্ষণ করেন। আলোচনায় উপজেলার সার্বিক উন্নয়নে কৃষি খাতের অগ্রগতি, শুষ্ক মৌসুমে কৃষকদের সেচসুবিধা নিশ্চিত করা, মহাসড়কসহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন সড়কের অবকাঠামোগত উন্নয়ন ও যোগাযোগব্যবস্থার আধুনিকায়নের বিষয়গুলো গুরুত্ব পায়।

এছাড়া শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসন, উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা হয়। শুষ্ক মৌসুমে পাহাড় কাটা, কৃষিজমির মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন এবং মহাসড়ক ও জনবসতিপূর্ণ এলাকার আশপাশে ধুলাবালি নিয়ন্ত্রণ করে জনস্বাস্থ্যঝুঁকি কমানোর বিষয়েও বক্তারা বিভিন্ন পরামর্শ দেন।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোর বিদ্যমান সমস্যা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান বৃদ্ধি এবং হাসপাতালের সামনে যানবাহন পার্কিংয়ের সুষ্ঠু ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার রোধ, বেকারত্ব নিরসন ও স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বন্ধ থাকা পাথর কোয়ারি ও বালুমহালগুলো পরিবেশ ও প্রচলিত আইন মেনে বৈধ প্রক্রিয়ায় চালুর বিষয়ে সরকারের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণের জন্য নবাগত ইউএনওর প্রতি আহ্বান জানান বক্তারা।

সভাপতির বক্তব্যে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খান উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জৈন্তাপুরের ১৭ পরগনার সামাজিক শৃঙ্খলা, মুরব্বিদের প্রতি সম্মান এবং সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে পারস্পরিক পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণের যে ঐতিহ্য রয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয় ও শিক্ষণীয়। তিনি এই ইতিবাচক অভিজ্ঞতা তাঁর ভবিষ্যৎ কর্মস্থলেও তুলে ধরবেন বলে জানান।

তিনি আরও বলেন, মতবিনিময় সভায় উপস্থিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিজিবি প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের দেওয়া পরামর্শ এবং উপজেলার সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তিনি নোট করেছেন। প্রতিটি বিষয় আলাদাভাবে তুলে ধরতে গেলে সময় বেশি লাগবে। তাই তিনি সবকিছু নোট করে রেখেছেন এবং দায়িত্ব পালনকালে এসব সমস্যা সমাধানের জন্য আন্তরিকভাবে চেষ্টা করবেন।

ইউএনও বলেন, সব সমস্যার সমাধান হয়তো এককভাবে করা সম্ভব হবে না। তবে সমস্যার সমাধানের পথে এগিয়ে যেতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ জন্য তিনি উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা, পরামর্শ ও আন্তরিক অংশগ্রহণ কামনা করেন। দায়িত্ব পালনের পথে তাঁর কোনো ভুল হলে তা ধরিয়ে দিয়ে সংশোধনের সুযোগ করে দেওয়ার জন্যও সবার প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, মাননীয় প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং  স্থানীয় সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীর  পরামর্শ এবং দিকনির্দেশনা নিয়ে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে জৈন্তাপুরের বিশেষ গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানের পথে এগিয়ে নিতে চান। এ ক্ষেত্রে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সাইফুল ইসলাম বাবু / রত্না বাউরি/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad