সিলেটে কমছে না হাম উপসর্গ: ক্রমাগত বাড়ছে মৃত্যুর মিছিল
সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল থামছে না। প্রতিনিয়ত ঝরে যাচ্ছে তাজা প্রাণ। সর্বশেষ গত মঙ্গলবার (৩ নভেম্বর) সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুনামগঞ্জ সদরের শফিকুল ইসলামের তিন বছর বয়সী কন্যা জান্নাত মৃত্যুবরণ করেছে।
আজ বুধবার (৪ নভেম্বর) সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো তথ্যের মাধ্যমে এই চিত্র উঠে এসেছে। চলতি বছরে এখন পর্যন্ত সিলেটে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মোট ২০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জেলাভিত্তিক পরিসংখ্যানে সিলেটে সর্বোচ্চ ৮৩ জন, সুনামগঞ্জে ৭৪ জন, হবিগঞ্জে ৩৩ জন এবং মৌলভীবাজারে ১৭ জন শিশুর প্রাণহানির রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে চলতি বছরে পুরো বিভাগে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৩৮ জন রোগী।
স্বাস্থ্য কার্যালয়ের তথ্য অনুযায়ী, শুধু গত ২৪ ঘণ্টার ব্যবধানে বিভাগে নতুন করে আরও ৯ জনের শরীরে হাম রোগ শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ১৩৬ জন রোগী। এ নিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসাধীন থাকা মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯ জনে।
বর্তমানে সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি রয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে (১৯৩ জন) এবং দ্বিতীয় সর্বোচ্চ ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (১৮৪ জন)। এ ছাড়া জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ২৮ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৩ জনসহ অন্যান্য হাসপাতালে রোগীরা চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৪ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ৪ জন, রাগীব-রাবেয়া ও নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন করে এবং বিশ্বনাথ, ধর্মপাশা ও শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাকি রোগীরা চিকিৎসাসেবা নিচ্ছেন।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: