নগরের কাষ্টঘরে হৃদয় হ/ত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
সিলেট নগরীর কাষ্টঘর সুইপার কলোনীতে স্ত্রীর ছবি ও ভিডিও ধারণের প্রতিবাদ করায় হৃদয় হরিজন (৩৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি আমিন আহমদকে (৩৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার শুক্রবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আমিন সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন নালিয়া এলাকার বাসিন্দা। তিনি হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি।
এসআরবি সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে হৃদয় হরিজনের বাসার সামনে তার স্ত্রীর ছবি ও ভিডিও ধারণ করছিলেন আমিন আহমদ। এসময় হৃদয় এর প্রতিবাদ করলে আমিন আহমদ ও তার সহযোগীরা তাকে গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন। এরই ধারাবাহিকতায় রাত ৮টার দিকে অভিযুক্তরা হৃদয়কে কাষ্টঘর সুইপার কলোনীসংলগ্ন রাজু স্টোরের বিপরীত পাশের একটি ফাঁকা জায়গায় ডেকে নিয়ে যান। সেখানে তাকে ছুরিকাঘাত করা হয়। এতে তার বাম পায়ের হাঁটুর ওপরের সামনের ও পেছনের অংশ গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামিদের শনাক্ত ও গ্রেফতারে ছায়াতদন্ত শুরু করে এসআরবি-৯।
মঙ্গলবার (৩ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হৃদয় হত্যা মামলার প্রধান আসামি আমিনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: