আদালত অবমাননা করে রাতের আঁধারে চলছে ড্রেজার
সুনামগঞ্জে ধোপাজান নদীতে ১৪ দিনে ২৪ কোটি টাকার সিলিকা বালু লুট
সুনামগঞ্জের ধর্মপাশা ও তাহিরপুর সীমান্তবর্তী ধোপাজান নদীতে অবৈধভাবে ১৪ দিনে প্রায় ২৪ কোটি টাকার সিলিকা বালু লুট হয়েছে বলে অভিযোগ উঠেছে। আদালতের নিষেধাজ্ঞা ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা উপেক্ষা করে একটি প্রভাবশালী চক্র রাতে অর্ধশতাধিক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে।
জানা যায়, বিআইডব্লিউটিএ সম্প্রতি ‘ভিট মাটি উত্তোলন’ নামের অনুমতি দেয় লিমপিড ইঞ্জিনিয়ারিং নামের একটি কোম্পানিকে। কিন্তু তারা সেই অনুমতি অমান্য করে ড্রেজার মেশিনে সিলিকা বালু তোলা শুরু করেছে। প্রতিরাতে প্রায় ২ লাখ ৫০ হাজার ঘনফুট বালু লুট হচ্ছে— যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা।
স্থানীয় শ্রমিকরা জানান, এতে নদীতীরবর্তী গ্রামগুলো ভাঙনের ঝুঁকিতে পড়েছে এবং ২০ হাজারের বেশি বারকি শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। প্রতিবাদ করলে স্থানীয়দের হুমকি দেওয়া হচ্ছে, এমন অভিযোগও উঠেছে।
পরিবেশবাদী সংগঠন বেলার দায়ের করা মামলায় ২০১৪ সালে আদালত ধোপাজান নদীতে ড্রেজার নিষিদ্ধ করলেও এখন সেই রায় উপেক্ষা করা হচ্ছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “রাতে ড্রেজারে বালু তোলার অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে।”
অন্যদিকে বিআইডব্লিউটিএ সিলেট অফিসের কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ রহমান
মন্তব্য করুন: