সমালোচনার ঝড়
হিসাবরক্ষকের ভাইয়ের বিয়েতে কলেজ প্যাডে দাওয়াতপত্র!
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে অবস্থিত আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজে সরকারি প্যাড ব্যবহার করে হিসাবরক্ষকের ভাইয়ের বিয়ের দাওয়াতপত্র প্রকাশকে কেন্দ্র করে শিক্ষাঙ্গনে তীব্র সমালোচনা দেখা দিয়েছে। গত ২৭ অক্টোবর কলেজের অধ্যক্ষ মো. আমির উদ্দিন ও প্রভাষক মো. আব্দুল হাই ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কলেজের হিসাবরক্ষক মো. মোহিত মিয়ার ছোট ভাইয়ের বিয়ে ও বৌভাতের তারিখ উল্লেখ করে সকল শিক্ষক ও কর্মচারীকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।
বিজ্ঞপ্তিটি সরকারি লেটারহেডে প্রকাশিত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই বলছেন, সরকারি প্যাডে ব্যক্তিগত আমন্ত্রণ দেওয়া প্রশাসনিক শৃঙ্খলা ও সরকারি নিয়মের পরিপন্থী।
কলেজের অধ্যক্ষ মো. আমির উদ্দিন জানান, “বিজ্ঞপ্তিটি ভুলবশত অফিস প্যাডে প্রকাশিত হয়েছে। এটি সাধারণ কাগজে প্রকাশিত হওয়া উচিত ছিল। এই ভুলের জন্য আমি দুঃখিত।”
প্রশাসনিক বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারি প্রতিষ্ঠানের প্যাড কেবল সরকারি কার্যক্রম বা দাপ্তরিক যোগাযোগের জন্য ব্যবহার করা উচিত; ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য ব্যবহার অনুচিত ও বিধিবহির্ভূত।
ঘটনাটি ইতোমধ্যে হবিগঞ্জের শিক্ষা অঙ্গনে তীব্র আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
রোদ্দুর রিফাত
মন্তব্য করুন: