হবিগঞ্জে প্রবাসী ও তার স্ত্রীকে মারধর করে সর্বস্ব লুট, আহত ২
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের মির্জাটুলা এলাকায় এক প্রবাসী দম্পতির ওপর হামলা চালিয়ে নগদ দুই লাখ টাকা, স্বর্ণালংকার লুট ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী শাকিল মিয়া বাহুবল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, আসামিরা হলেন রাব্বি মিয়া (৩০) ও আল আমিন (২৫), পিতা : নাসির উদ্দিন বেনু, গ্রাম মির্জাটুলা, থানা বাহুবল, জেলা হবিগঞ্জসহ অজ্ঞাতনামা আরও দুজন।
প্রবাসী শাকিল মিয়া জানান, তিনি ও তার স্ত্রী ৩ নভেম্বর হবিগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি থেকে টাকা উত্তোলন শেষে অগ্রণী ব্যাংক হবিগঞ্জ শাখা থেকে ২ লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথে ৬ নভেম্বর সন্ধ্যায় মির্জাটুলা এলাকায় পৌঁছান। ওই সময় পূর্বপরিচিত আসামিরা রাস্তার ওপর তাদের গতিরোধ করে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে।
তিনি প্রতিবাদ জানালে উল্লেখিতরা পূর্ব শত্রুতার জেরে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। তার স্ত্রী বাধা দিতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। একপর্যায়ে আসামিরা প্রবাসীর স্ত্রীর সঙ্গে থাকা সাইড ব্যাগ থেকে ২ লাখ টাকা ও গলা থেকে দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন (মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা) ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ আছে।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা প্রবাসীর স্ত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং হত্যার হুমকি দেয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘটনার বিষয়ে বাহুবল থানায় অভিযোগ দেয়ার পর রাত ১১টার দিকে এসআই সাদ্দাম হোসেন ঘটনাস্থলে যান এবং আসামিদের বাড়ি চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার অভিযান শুরু করেন।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রোদ্দুর রিফাত
মন্তব্য করুন: