মাধবপুরে সাবেক এমপি মোহাম্মদ ফয়সল
‘নেতারা যখন ঘুমাতে পারেননি, তখনও আমি পাশে ছিলাম’
সাবেক সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেছেন, ‘আমাদের নেতারা যখন নির্যাতনের ভয়ে রাতে ঘুমাতে পারেননি, মাঠে-ময়দানে আশ্রয় নিয়েছেন, তখনও আমি বিএনপির একজন সক্রিয় কর্মী হিসেবে তাদের পাশে ছিলাম।’
শনিবার (৮ নভেম্বর) বিকেলে মাধবপুর উপজেলার জগদীশপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে জগদীশপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘হাসিনা আমাদের নেতাকর্মীদের ওপর জুলুম, নির্যাতন, গুম ও খুন করেছে। অনেকেই এখন প্রশ্ন করে আমি এতদিন কোথায় ছিলাম। আমি তাদের বলতে চাই—আপনারা কোথায় ছিলেন? আপনাদের রাজনীতির বয়স কত? যারা ধানের শীষের প্রতীক চেয়েছিল, তাদের কর্মী-সমর্থক হিসেবে আমি তখনও রাজপথে ছিলাম।’
নিজ দলের কর্মীদের উদ্দেশে ফয়সল বলেন, ‘তোমরা যদি সত্যিকারের বিএনপি কর, যদি তারেক রহমান সাহেবকে নেতা মনে কর, তাহলে ধানের শীষের রাজনীতি করো। আমাদের আর কোনো বিকল্প নেই—ধানের শীষ যার কাছে, তার কাছেই আমাদের আসতে হবে।’
জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘ভোট দেওয়ার আগে একবার ভেবে দেখবেন—আপনার একটি ভোটই এলাকার ভাগ্য পরিবর্তন করতে পারে।’
সভায় সভাপতিত্ব করেন জগদীশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ নুর মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এখলাছুর রহমান ভুইয়া ও সাংগঠনিক সম্পাদক এমএম গউছ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মো. শাহজাহান। সভায় আরও বক্তব্য দেন মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সহ-সভাপতি পারভেজ হোসেন চৌধুরী ও অলি উল্লাহ, যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন রনি, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহসহ অনেকে।
ডি আর ডি
মন্তব্য করুন: