দশম গ্রেডসহ তিন দফা দাবি
মাধবপুরে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি পালিত
দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং ঢাকার শাহবাগে শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশের হামলার প্রতিবাদে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা রোববার (৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত কর্মবিরতি পালন করেন। শিক্ষকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।
শিক্ষক নেত্রী তন্নি রহমান বলেন,“আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। এটি আমাদের ন্যায্য অধিকার।”
শিক্ষক বানী মাধব দাস বলেন,“চেয়েছিলাম ১০ম গ্রেড, পেলাম রাবার বুলেট। আর নয় আলাপন, এবার চাই প্রজ্ঞাপন। প্রজ্ঞাপন ছাড়া আন্দোলন থামবে না।”
শিক্ষক মকুল ইসলাম জানান,“আন্দোলন চলছে, চলবে। প্রজ্ঞাপন ছাড়া কর্মবিরতি প্রত্যাহার হবে না।”
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মাধবপুর উপজেলা সম্পাদক মাহমুদুল হাসান রনি বলেন, “নার্স, কৃষি কর্মকর্তা, পুলিশের সাব-ইন্সপেক্টর, এমনকি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা স্নাতক ডিগ্রি নিয়েই দশম গ্রেডে বেতন পান। অথচ আমরা স্নাতক ডিগ্রিসহ সিএনএড, বিপিএড, বিটিপিটি কোর্স সম্পন্ন করেও ১৩তম গ্রেডে রয়েছি। ন্যায্য অধিকার আদায়েই এ আন্দোলন।”
মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম জাকিরুল ইসলাম বলেন,“কেন্দ্রীয় ঘোষণার পরিপ্রেক্ষিতে উপজেলার ১৪৯টি বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করেছেন বলে শুনেছি। তবে সঠিক তথ্য এখনও হাতে পাইনি।”
এ রহমান
মন্তব্য করুন: