হবিগঞ্জ সদর হাসপাতালে নার্সকে মারধরের ঘটনায় কর্মবিরতি
হবিগঞ্জ সদর হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে নার্সকে মারধরের প্রতিবাদে কর্মবিরতিতে চলে গেছে নার্সরা। কর্মবিরতির কারণে জরুরি বিভাগ ছাড়া হাসপাতালের সকল ওয়ার্ডে নার্সিং সেবা বন্ধ রয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় পরে নার্সরা মানববন্ধনও করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার ভোরে শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের শ্বাসকষ্টের রোগী শাহ আলম (৩৫)-কে স্বজনরা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার কিছুক্ষণ পরই তিনি ওয়ার্ডে মারা যান।
রোগীর স্বজনরা অভিযোগ করেন—চিকিৎসা অবহেলার কারণে রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে উত্তেজিত হয়ে তারা কর্তব্যরত নার্স আত্মীন নাহারকে মারধর করেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সকাল থেকে নার্সরা কর্মবিরতিতে যান। দুপুরে দোষীদের গ্রেপ্তার ও নার্সদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন অপারেশন বিভাগের ইনচার্জ সিনিয়র নার্স সালমা আক্তার, সিনিয়র নার্স ঝুমা আক্তার ও সিনিয়র নার্স মুনমুন আক্তার।
নার্সরা ঘোষণা দিয়েছেন— “নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ও হামলাকারীদের শাস্তির আওতায় না আনা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।”
এ রহমান
মন্তব্য করুন: