মাধবপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জের মাধবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন মো. রাসেল, জহিরুল ইসলাম, বায়জিদ, আব্দুল মালেক, মুসলেহ উদ্দিন সুমন, শাকিল, সনাতন পাজার, মো. সোহেল, জীবন, আবিরসহ আরও অনেকে।
বক্তারা বলেন, সারা দেশের মেডিকেল কলেজ হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান ও বিশেষায়িত ইনস্টিটিউটগুলোতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা রোগ নির্ণয় থেকে শুরু করে স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। কিন্তু এখনো তাদের পদমর্যাদা ১১তম গ্রেডে রয়ে গেছে, যা ১০ম গ্রেডে উন্নীত করা জরুরি।
বক্তারা আরও বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় মেডিকেল টেকনোলজিস্টদের মোট পদ ৫৪২৭টি এবং ফার্মাসিস্টদের পদ ২৯৫১টি, মোট ৭৭১৯টি। এর মধ্যে ৫৬৪৬ জন ইতোমধ্যেই দশম গ্রেডের ওপরের সুবিধা ভোগ করছেন। মাত্র ২০৭৩টি পদকে দশম গ্রেডের আওতায় আনতে হবে, যার প্রায় ১০ শতাংশ এখনো শূন্য রয়েছে। ফলে দুই শ্রেণির মিলিয়ে দুই হাজারেরও কম কর্মী এ সুবিধা পাবেন, যা আর্থিকভাবে খুবই সামান্য ব্যয় বৃদ্ধি করবে।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে দশম গ্রেড বাস্তবায়নের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
এ রহমান
মন্তব্য করুন: