বিজিবির অভিযান
মাধবপুরে পাথর-বালু বোঝাই ট্রাক থেকে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার
হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে পাথর ও বালুবোঝাই ট্রাকের ভেতর লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা, কসমেটিকস, ব্লেড ও চকলেট উদ্ধার করেছে। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) তেলিয়াপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন কয়েকটি যানবাহন তল্লাশি করতে গিয়ে পাথর, বালি ও ইটের টুকরোর নিচে অভিনব কায়দায় লুকানো ভারতীয় পণ্যগুলো উদ্ধার করা হয়। মোট ৫টি ট্রাক ও পিকআপ তল্লাশি করে এসব পণ্য জব্দ করা হয়।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমসের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। একই সঙ্গে চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: