হবিগঞ্জে সাত দিনে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
হবিগঞ্জে গত এক সপ্তাহে পাচারের সময় প্রায় সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার বিকেলে বিজিবি–৫৫ ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান।
বিজিবি জানায়, গত শনিবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত চুনারুঘাট উপজেলার সাতছড়ি ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালু ও পাথরবোঝাই পাঁচটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাকগুলোতে তল্লাশি চালিয়ে বালু–পাথরের নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা, শাড়ি ও কসমেটিকস জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক সাড়ে ৫ কোটি টাকা। অভিযানের বিষয়টি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, উন্নত প্রযুক্তি ও আধুনিক ডিভাইস ব্যবহার করে পাচারকারীদের শনাক্ত করা সম্ভব হয়েছে। চলতি মাসে বিভিন্ন অভিযানে জেলায় প্রায় ৯ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ ও ৩৭ জনকে আটক করা হয়েছে।
জব্দকৃত পণ্য কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
রোদ্দুর রিফাত
মন্তব্য করুন: