অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপ বাছাইপর্ব
শেষ ম্যাচে বড় হারে স্বপ্নভঙ্গ, এশিয়ান কাপের মূল পর্বে উঠতে পারেনি বাংলাদেশ
অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনার পরও শেষ রাউন্ডে হোঁচট খেল বাংলাদেশ। টানা চার ম্যাচে গোল উৎসব করা লাল–সবুজ প্রতিনিধিদের শেষ বাধা ছিল স্বাগতিক চীন। তবে ‘অঘোষিত ফাইনাল’ বলে পরিচিত সেই ম্যাচে আর চমক দেখাতে পারেনি নাজমুল হুদা ফয়সাল–রা। শনিবার নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে স্বাগতিক চীনের কাছে ৪–০ গোলের বড় ব্যবধানে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো গোলাম রব্বানি ছোটনের শিষ্যদের।
চীনের হয়ে একাই হ্যাটট্রিক করেন শুয়াই উইহাও। ম্যাচের প্রথমার্ধে দুটি গোল করেন তিনি। বিরতির পর ৫৩ মিনিটে সম্পূর্ণ করেন হ্যাটট্রিক। দলের চতুর্থ গোলটি করেন ঝাও। এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। জয় পেলেই প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নেওয়ার সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু ম্যাচের শুরু থেকেই চীনের আক্রমণ–উদ্যমের সামনে পড়ে কোচ ছোটনের দল ছন্দ হারায়।
এবারের বাছাইপর্বটি বাংলাদেশ শুরু করেছিল দারুণভাবে। ‘এ’ গ্রুপে প্রথম চার ম্যাচেই জয়ের মুখ দেখে দলটি।
তিমুর লেস্তেকে ৫–০, ব্রুনাইকে ৮–০, শ্রীলঙ্কাকে ৫–০ এবং বাহরাইনকে ২–১ গোলে হারিয়ে ১২ পয়েন্ট সংগ্রহ করেছিল বাংলাদেশ। চীনের সমান পয়েন্ট নিয়ে যৌথভাবে টেবিলের শীর্ষে থাকায় শেষ ম্যাচটিই হয়ে ওঠে গ্রুপ–সিদ্ধান্তের লড়াই। তবে বড় হারের ফলে সেই স্বপ্ন আর অধরা রয়ে গেল।
আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপের মূলপর্ব। যেখানে মোট ১৬টি দল অংশ নেবে। বাছাইপর্ব থেকে সাতটি দল উঠবে মূলপর্বে—পরিশেষে বাংলাদেশ সেই স্বপ্নের কাতারে নাম লেখাতে পারল না।
এ রহমান
মন্তব্য করুন: