হবিগঞ্জে ট্রাকচাপায় তরুণী নিহত
হবিগঞ্জ শহরতলীর পোদ্দারবাড়ি বাইপাস এলাকায় ট্রাকচাপায় সুজিনা আক্তার (২০) নামে এক তরুণী নিহত হয়েছেন। নিহত সুজিনা সদর উপজেলার পইল নাজিরপুর গ্রামের মো. মানিক মিয়ার মেয়ে।
শুক্রবার ৫ ডিসেম্বর সন্ধ্যায় সড়ক পার হওয়ার সময় ঢাকা মেট্রো–ট–২০১৭২৮ নম্বরের একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি হবিগঞ্জ শহরের দিকেই আসছিল। হঠাৎ দ্রুতগতিতে ধেয়ে এসে তরুণীকে চাপা দিলে তিনি সড়কে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।
স্থানীয়রা জানান, পোদ্দারবাড়ি বাইপাস এলাকা জনবহুল। সড়কের দুই পাশে বাজার, দোকানপাট ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকায় প্রতিদিনই এখানে মানুষের চলাচল বেশি। তবুও দীর্ঘদিন ধরে সড়কে কোনো স্পিড ব্রেকার না থাকায় যানবাহনগুলো বেপরোয়া গতিতে চলাচল করে। এর ফলে এ এলাকায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কমাতে তারা বহুবার স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানিয়েও কোনো পদক্ষেপ পাননি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ ঘাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ডি আর ডি
মন্তব্য করুন: