বেগম রোকেয়া দিবসে সুনামগঞ্জে ৫ অদম্য নারীকে সংবর্ধনা
সুনামগঞ্জে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ–২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং জেলা পর্যায়ের পাঁচ অদম্য নারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ আয়োজন করে। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে নারী-পুরুষ সমানভাবে এগিয়ে না এলে অগ্রগতি বাধাগ্রস্ত হয়। নারীর প্রতি সহিংসতা রোধ ও তাদের সর্বস্তরে অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে উল্লেখ করেন তাঁরা।
সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল। সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এজেএম রেজাউল আলম। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার, স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মতিউর রহমান খান ও সিভিল সার্জন জসিম উদ্দিন।
এর পর ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কর্মসূচির আওতায় পাঁচ অদম্য নারীকে সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে আছেন—অর্থনৈতিক সাফল্য: ঝরনা আক্তার,শিক্ষা ও চাকরি: মোছাম্মৎ সালেহা পারভীন,সফল জননী: মীরা রাণী তালুকদার,নির্যাতন জয় করে এগিয়ে যাওয়া নারী: শিরিনা আক্তার,সমাজ উন্নয়ন: খাদিজা বেগম।
আয়োজকেরা বলেন, এই সংবর্ধনা নারীদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে সমাজের সব ক্ষেত্রে অংশগ্রহণে উৎসাহ জোগাবে।
প্রীতম দাস
মন্তব্য করুন: