পিআইসি গঠন না হওয়ায় সময়মতো কাজ শুরুর আশঙ্কা
সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিশ্চয়তা
সুনামগঞ্জের পাহাড়ি ঢল ও আগাম বন্যা থেকে বোরো ফসল রক্ষায় প্রতিবছরের মতো এবারও ফসলরক্ষা বাঁধ নির্মাণের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে নীতিমালায় নির্ধারিত সময়সীমা অতিক্রম করলেও এখনো মাঠপর্যায়ে কোনো প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন হয়নি। ফলে নির্ধারিত সময়ে বাঁধ নির্মাণের কাজ শুরু হবে কি না—এ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।
নীতিমালা অনুযায়ী, পিআইসির মাধ্যমে ১৫ ডিসেম্বরের মধ্যে বাঁধ নির্মাণকাজ শুরু এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। সেইসঙ্গে সংশোধিত কাবিটা নীতিমালা ২০২৩ অনুসারে উপজেলা কমিটির সভাপতি ও সদস্য সচিবকে ৩০ নভেম্বরের মধ্যে পিআইসি গঠন সম্পন্ন করতে হবে। কিন্তু সময়সীমার আট দিন পেরিয়ে গেলেও কয়েকটি উপজেলায় এখনো কোনো বিজ্ঞপ্তিই প্রকাশ হয়নি। আবার কোথাও বিজ্ঞপ্তি দিলেও পিআইসি গঠনের কাজ শেষ হয়নি।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, চলতি মৌসুমে ১ হাজার ১১১ কিলোমিটার বাঁধ সার্ভের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৯৬৫ কিলোমিটার সার্ভে সম্পন্ন হয়েছে, যা ১০ ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি জেলা কাবিটা বাস্তবায়ন কমিটির সভায় ১৫৬টি স্কিম অনুমোদন পেয়েছে। তবে এখনো কোনো পিআইসি গঠন করা হয়নি বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার। তিনি বলেন, “সার্ভের কাজ শেষ হলেও পিআইসি না থাকায় মাঠ পর্যায়ে কোনো কার্যক্রম শুরু করা যাচ্ছে না।”
কৃষকদের আশঙ্কা—নির্ধারিত সময়মতো কাজ শুরু না হলে পাহাড়ি ঢল নামার আগেই ফসলরক্ষা বাঁধ নির্মাণ শেষ করা কঠিন হয়ে পড়বে।
এ রহমান
মন্তব্য করুন: