সুনামগঞ্জ সরকারি কলেজে ‘নির্বাচনি অলিম্পিয়াড’: তরুণ ভোটারদের মাঝে গণতন্ত্রচর্চায় নবউদ্দীপনা
তরুণদের মধ্যে নির্বাচন ও গণতন্ত্র সম্পর্কে সচেতনতা বাড়াতে সুনামগঞ্জ সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘নির্বাচনি অলিম্পিয়াড’। ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের উদ্যোগে বৃহস্পতিবার সকালে পরীক্ষার পর কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক নতুন ভোটার এ প্রতিযোগিতায় অংশ নেন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, স্থানীয় সাংবাদিক এবং তরুণ ভোটার প্রতিনিধিরা গণতান্ত্রিক চর্চা জোরদার করা, জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন এবং নতুন ভোটারদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণদের হাতে দেশ পরিচালনার ভবিষ্যৎ নির্ভর করছে। দায়িত্ববান ও সচেতন ভোটার তৈরিই সুষ্ঠু নির্বাচন এবং জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মূল শর্ত।
অলিম্পিয়াডে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এমন আয়োজন তাদের গণতান্ত্রিক প্রক্রিয়া, ভোটাধিকার, সংবিধান ও রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে গভীরভাবে জানতে সহায়তা করেছে। প্রস্তুতির সময় গণতন্ত্র, সংবিধান এবং দেশের ইতিহাস–ঐতিহ্য সম্পর্কে নতুন করে জানার সুযোগ হয়েছে বলেও তারা উল্লেখ করেন।
প্রতিযোগিতায় নির্বাচনব্যবস্থা, গণতন্ত্র, সংবিধান ও জাতীয় ইতিহাস বিষয়ে ৫০টি প্রশ্ন দেওয়া হয়। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ১০ জনকে পুরস্কৃত করা হয়। তিন শিক্ষার্থী চ্যাম্পিয়ন, প্রথম রানার–আপ এবং দ্বিতীয় রানার–আপ নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মানস কান্তি বিশ্বাস, সহকারী অধ্যাপক আব্দুল হালিম, সহকারী অধ্যাপক মো. আহসান শহীদ আনসারী এবং সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দি হাঙ্গার প্রজেক্টের সিলেট অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী নাজমুল হুদা মিনহা। পুরো আয়োজন পরিচালনা করেন সিলেট অঞ্চলের সমন্বয়কারী বর্ণা দাস।
এ রহমান
মন্তব্য করুন: