সারা দেশে ক্রিকেট উন্নয়নে ছয় মাসের মধ্যে নতুন পরিকল্পনা: খালেদ মাসুদ পাইলট
Led Bottom Ad

দিরাইয়ে শিশির মনির ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সারা দেশে ক্রিকেট উন্নয়নে ছয় মাসের মধ্যে নতুন পরিকল্পনা: খালেদ মাসুদ পাইলট

নিজস্ব প্রতিনিধি,দিরাই

১২/১২/২০২৫ ১০:২৪:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেছেন, “সারা দেশে ক্রিকেটকে আরও এগিয়ে নিতে বিসিবি নতুন ও বিস্তৃত পরিকল্পনা নিতে যাচ্ছে। আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হবে বলেও জানান তিনি।”

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জের দিরাই পৌর সদরের হাইস্কুল মাঠে মোহাম্মদ শিশির মনির ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমি মাত্র দুই মাস হলো বিসিবিতে এসেছি। সব জায়গায় যাওয়ার চেষ্টা করছি। ক্রিকেট বোর্ডের উচিত দেশের প্রতিটি অঞ্চলে ফ্যাসিলিটি উন্নত করা—এটা খেলোয়াড়দের অধিকার। ছয় মাস থেকে এক বছরের মধ্যে বিসিবি সুন্দর একটি পরিকল্পনা হাতে নেবে। দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।”

জাতীয় দলের সাবেক এই তারকা খেলোয়াড় বলেন, “খেলাধুলা মানুষের বিনোদন ও সুস্থ মানসিকতার বিকাশ ঘটায়। তাই ছেলে–মেয়েদের খেলাধুলার সুযোগ বাড়াতে প্রতিটি জেলা ও উপজেলার মাঠ সচল রাখতে হবে।”

“যেখানে মাঠ, সেখানে খেলাধুলা; আর সেখান থেকেই তৈরি হবে নতুন প্রতিভা,” মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে টুর্নামেন্টের আয়োজক এবং সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, খেলাধুলা নতুন প্রজন্মকে সুস্থ সংস্কৃতির পথে এগিয়ে নেয়। এখান থেকেই বেরিয়ে আসবে ট্যালেন্টেড খেলোয়াড়, যারা জেলা, বিভাগ, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে। এই প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের সাবেক ক্রিকেটার জি এম তাশহীজ, সাবেক ছাত্রনেতা আশরাফুল আলম ইমন, আমেরিকা প্রবাসী হামজা কোরেশী প্রমুখ।

ফাইনালে টসে জিতে ইলেভেন স্টার স্পোর্টিং ক্লাব প্রথমে ব্যাট করে ১৬ ওভারে ২২৯ রান তোলে। জবাবে জগন্নাথপুরের খান ক্রিকেট ক্লাব সব উইকেট হারিয়ে ১৯১ রানে থামে।

ম্যাচ শেষে বিজয়ী, রানার্সআপ এবং বিভিন্ন ক্যাটাগরিতে সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন খালেদ মাসুদ পাইলট ও শিশির মনির।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad