সুনামগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী শিশির মনিরের আয়-সম্পদে স্ত্রীর আধিক্য
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। হলফনামায় দেওয়া সম্পদের বিবরণে সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির নিজেকে আইনজীবী হিসেবে উল্লেখ করেছেন।
হলফনামা অনুযায়ী, বছরে প্রায় ৫১ লাখ টাকা আয় দেখিয়েছেন শিশির মনির। তবে তার তুলনায় তার স্ত্রী সুমাইয়া সাদিয়া রায়হানের আয় ও সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেশি। অস্থাবর সম্পদে তিনি স্বামীর চেয়ে তিন গুণেরও বেশি এগিয়ে রয়েছেন।
হলফনামায় উল্লেখ করা হয়েছে, শিশির মনিরের কাছে নগদ অর্থ রয়েছে ৯ লাখ ৫২ হাজার ৪ টাকা এবং ব্যাংকে জমা আছে ২ হাজার ৩০০ টাকা। তার মালিকানায় রয়েছে ৩৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের যানবাহন, ৪ লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী এবং উপহার হিসেবে পাওয়া ২৫ ভরি স্বর্ণ।
অন্যদিকে, শিশির মনিরের স্ত্রী সুমাইয়া সাদিয়া রায়হান পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। তার কাছে নগদ অর্থ রয়েছে ৯ লাখ ৯৪ হাজার ৫৬৫ টাকা এবং ব্যাংকে জমা আছে ৩৮ লাখ ২৬ হাজার ৩১৭ টাকা। এছাড়া তার নামে রয়েছে ৩ হাজার ৯৬৬ টাকার বন্ড ও ঋণপত্র, ৯১ লাখ ৯০ হাজার ৫৯৫ টাকার সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত এবং ৪৩ লাখ ২৫ হাজার টাকার যানবাহন। ইলেকট্রনিক সামগ্রীর মূল্য ৭ লাখ ২০ হাজার ৪০০ টাকা এবং উপহার হিসেবে পাওয়া স্বর্ণের পরিমাণ ২৫ ভরি।
হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, শিশির মনিরের স্ত্রীর নামে ১ কোটি ৮১ লাখ ৮৭ হাজার ৪২০ টাকা মূল্যের অকৃষি জমি রয়েছে।
এদিকে, অ্যাডভোকেট শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় ব্যক্তির ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ আনা হয়েছে, যা হাইকোর্ট বিভাগের আদেশে বর্তমানে স্থগিত রয়েছে। অপর মামলাটি তদন্তাধীন বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: