নির্ধারিত সময়ের ২০ দিন পেরোলেও শুরু হয়নি অধিকাংশ কাজ
শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধের কাজ উদ্বোধনেই সীমাবদ্ধ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কার্যক্রম উদ্বোধনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। সরকার নির্ধারিত সময় পার হয়ে গেলেও অধিকাংশ প্রকল্পে এখনো কাজ শুরু হয়নি। এতে বোরো চাষকে ঘিরে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।
স্থানীয় কৃষক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী প্রতি বছর ১৫ ডিসেম্বর থেকে হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কাজ শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা। সেই অনুযায়ী গত ১৫ ডিসেম্বর শান্তিগঞ্জ উপজেলার খাই হাওরের সদরপুর ব্রিজের কাড়া বন্ধকরণ প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাওর ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান। তবে উদ্বোধনের পর ২০ দিন পেরিয়ে গেলেও দেখার হাওর, খাই হাওর, জামখলা, কাঁচিভাঙা ও সাংহাই হাওরসহ অধিকাংশ প্রকল্প এলাকায় কোনো দৃশ্যমান কাজ শুরু হয়নি।
চলতি মৌসুমে শান্তিগঞ্জ উপজেলার ছয়টি হাওরে ৬৭টি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে প্রায় ১২ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৪৬ দশমিক ৭৫৫ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারের পরিকল্পনা রয়েছে। যদিও পিআইসি নির্বাচন করা হয়েছে, তবে এখনো পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ ও কার্যাদেশ দেওয়া হয়নি। ফলে অধিকাংশ পিআইসি কাজ শুরু করতে পারছেন না।
খাই হাওরের একটি প্রকল্পের সভাপতি রায়হান আহমদ বলেন, উদ্বোধনের পর পানি উন্নয়ন বোর্ডের নির্দেশনায় প্রায় ৬০ শতাংশ কাজ সম্পন্ন করেছি। তবে এখনো কার্যাদেশ দেওয়া হয়নি। কার্যাদেশ পেলে দ্রুত বাকি কাজ শেষ করা হবে।
হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আবু সাইদ বলেন, ফসল রক্ষা বাঁধের কাজ নিয়ে কৃষকেরা শঙ্কিত। প্রতিবছর একই ধরনের বিলম্ব দুঃখজনক। ২০ দিনেও কার্যাদেশ দিতে না পারার দায় পাউবো ও উপজেলা কমিটিকে নিতে হবে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান মোহান জানান, ৬৭টি পিআইসির মধ্যে সাতটি এখনো চূড়ান্ত হয়নি। দুই-তিন দিনের মধ্যে কার্যাদেশ দেওয়া হবে। তিনি দাবি করেন, প্রায় ৫০টি বাঁধে আংশিক কাজ শুরু হয়েছে।
তবে কৃষকদের আশঙ্কা, কাজ দ্রুত শেষ না হলে আগাম বন্যায় হাওরের বোরো ফসল মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে।
এ রহমান
মন্তব্য করুন: