সুনামগঞ্জ-৫ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মিজানুর রহমান চৌধুরী
সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
শনিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন মিজান।
এর আগে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলনকে মনোনয়ন দেওয়া হয়। তবে একই আসনে বিএনপির আরেক কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলে দলীয় পর্যায়ে বিভক্তি সৃষ্টি হয়।
এ পরিস্থিতিতে শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিজানুর রহমানকে ডেকে বৈঠক করেন। ওই বৈঠকের পরই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
ফেসবুক পোস্টে মিজানুর রহমান লেখেন, “সুপ্রিয় ছাতক ও দোয়ারাবাজারবাসী, আপনাদের ভালোবাসায় সাড়া দিয়ে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলাম। কিন্তু আমার শ্রদ্ধেয় অভিভাবক বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব দল ও দেশের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছেন।”
তিনি আরও লেখেন, “আপনাদের ভালোবাসা ও আবেগ আমার কাছে অত্যন্ত মূল্যবান। তবুও দলের সর্বোচ্চ নীতিনির্ধারকের অনুরোধ উপেক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি আমার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।”
নিজের সমর্থকদের উদ্দেশে মিজানুর রহমান বলেন, তাঁর এ সিদ্ধান্তে অনেকেই কষ্ট পেতে পারেন, তবে দেশ ও দলের ক্রান্তিলগ্নে দলীয় প্রধানের সিদ্ধান্ত মাথা পেতে নেওয়াকেই তিনি দায়িত্ব বলে মনে করেন।
এলাকাবাসীকে উদ্দেশ করে তিনি আরও লেখেন, অতীতের মতো ভবিষ্যতেও ছাতক ও দোয়ারাবাজারের মানুষের সুখ-দুঃখে পাশে থাকবেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর রাজনৈতিক আদর্শ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাঁর প্রেরণা এবং তারেক রহমান তাঁর অভিভাবক।
পোস্টের শেষাংশে মিজানুর রহমান ছাতক ও দোয়ারাবাজারবাসীসহ সমর্থক ও শুভানুধ্যায়ীদের কাছে তাঁর সিদ্ধান্তকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এ রহমান
মন্তব্য করুন: