সুনামগঞ্জে গ্যাসের দাম বাড়িয়ে ভোক্তার পকেট কাটছে অসাধুরা
Led Bottom Ad

সুনামগঞ্জে গ্যাসের দাম বাড়িয়ে ভোক্তার পকেট কাটছে অসাধুরা

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১১/০১/২০২৬ ১৮:০৩:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জে রান্নার এলপিজি গ্যাসের দাম সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে ২০০–৩০০ টাকা বেশি বিক্রি হওয়ায় সাধারণ ভোক্তারা চরম ভোগান্তিতে পড়েছেন। খুচরা বিক্রেতা, ডিলার ও আমদানিকারক পর্যায়ে সমন্বিতভাবে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ উঠেছে। এতে ভোক্তাদের মধ্যে ক্ষোভ ও বাজার ব্যবস্থাপনায় অবিশ্বাস বেড়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ৪ জানুয়ারি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১,৩০৬ টাকা নির্ধারণ করেছিল। তবে সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় একই কোম্পানির গ্যাসের দাম ১৪৭০–১৮০০ টাকা পর্যন্ত পৌঁছাচ্ছে। পুরাতন বাসস্ট্যান্ড, ওয়েজখালী, হাসননগর ও তাহিরপুর এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে, খুচরা বিক্রেতারা দায় চাপাচ্ছেন ডিলারদের ওপর, আর ডিলাররা বলছেন আমদানিকারকদের কাছ থেকেও বেশি দামে কিনতে হচ্ছে।

ওয়েজখালী এলাকার খুচরা বিক্রেতা মোশারফ বলেন, সর্বশেষ ১০–১৫ দিনে তারা কোনো গ্যাস সিলিন্ডার পাচ্ছেন না। আগে ১২ কেজি গ্যাস বিক্রি করতেন ১৩৬০–১৪৬০ টাকায়, এতে প্রতি সিলিন্ডারে ৬০ টাকার লাভ হত। বর্তমানে ১৪৭০–১৫০০ টাকায় বিক্রি করতে হচ্ছে।

গৃহিণী জয়বুন নেছা বলেন, “আমাদের মতো গরিব পরিবারের জন্য এই দাম বহন করা খুব কষ্টসাধ্য। মাসে স্বামীর আয় মাত্র ১০–১২ হাজার, পরিবারের সদস্য সাতজন।”

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ বলেন, “অনেক ব্যবসায়ী দাম বাড়িয়ে বিক্রি করছে এমন অভিযোগ পেয়ে বিভিন্ন জায়গায় অভিযান চলছে। ভোক্তার অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad