সুনামগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, মুক্তিযোদ্ধা কমান্ডারসহ আহত ১৫
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাটাখালি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আসামগাঁও গ্রামের বাসিন্দা সৈয়দ জুনেদ আলীর ছেলে রমিজ মাস্টার এবং চান্দারগাঁও গ্রামের চেতন মিয়ার ছেলে পাভেল মিয়ার নেতৃত্বাধীন দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় কাটাখালি বাজারে পাভেল মিয়ার নেতৃত্বে সুজন মিয়া, মারুফ মিয়া ও সোহেল মিয়াসহ অন্তত ৩০ জন রমিজ মাস্টারের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়।
সংঘর্ষে গুরুতর আহত হন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জসিম উদ্দিন (৭৫)। তিনি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। এ ছাড়া একই গ্রামের সৈয়দ আরমান (২০) ও সৈয়দ বায়েজিদ মিয়া (২২) গুরুতর আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা কয়েকজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতরা বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রমিজ মাস্টার ও পাভেল মিয়ার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একাধিক ব্যক্তি আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: