গাছ অপসারণ ও অবৈধ দখলে বাধাগ্রস্ত সুনামগঞ্জ চারলেন সড়ক প্রকল্প
Led Bottom Ad

গাছ অপসারণ ও অবৈধ দখলে বাধাগ্রস্ত সুনামগঞ্জ চারলেন সড়ক প্রকল্প

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১২/০১/২০২৬ ১৩:৩০:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ জেলা শহরের দীর্ঘদিনের যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে চারলেন সড়ক নির্মাণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। তবে সড়কের দুই পাশে থাকা শত শত গাছ অপসারণে বন বিভাগের আপত্তি এবং সওজের জমি অবৈধভাবে দখল হয়ে থাকায় প্রকল্পটির পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) থেকে হাসন তোরণ পর্যন্ত প্রায় ৩ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ সড়কটি চারলেনে উন্নীত করা হচ্ছে। এই প্রকল্পে শুধু সড়ক প্রশস্তকরণ নয়, বরং পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, আধুনিক ফুটপাত, সড়ক বিভাজক, সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপণ এবং পথচারীদের নিরাপত্তায় অত্যাধুনিক স্ট্রিট লাইট স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

১৪৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের কাজ যৌথভাবে করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদুজ্জামান চৌধুরী অ্যান্ড মেসার্স জন্মভূমি নির্মাতা। বর্তমানে প্রকল্পের অগ্রগতি প্রায় ৩০ শতাংশ। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তবে প্রকল্পের কাজে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে সড়কের দুই পাশের পুরনো গাছগুলো। বন বিভাগের নিষেধাজ্ঞার কারণে অনেক অংশে কাজ বন্ধ রয়েছে। পাশাপাশি সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনা এখনো উচ্ছেদ না হওয়ায় কাজের গতি ব্যাহত হচ্ছে। আপাতত যেসব স্থানে গাছ নেই এবং দখলমুক্ত, সেসব অংশে কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয় বাসিন্দারা বলছেন, উন্নয়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্য রেখে দ্রুত সমস্যার সমাধান প্রয়োজন। শহরের হাছননগরের বাসিন্দা সাদিকুর রহমান বলেন, “শুরুতে কাজের গতি ভালো ছিল, এখন ধীরে চলছে। এভাবে চললে সময়মতো কাজ শেষ হবে কি না—সেই শঙ্কা থেকেই যায়।”

পথচারী তানিম হোসাইন বলেন, “সড়কের কিছু অংশ খোঁড়া থাকায় ধুলোবালির ভোগান্তি হচ্ছে। গাছ কাটা নিয়ে জটিলতা থাকলে দ্রুত বন বিভাগ ও সওজের সমন্বয়ে সমাধান করা উচিত।”

এ বিষয়ে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আশরাফুল হামিদ বলেন, “চারলেন সড়কের কাজ দ্রুত গতিতেই এগোচ্ছে। তবে বন বিভাগের আপত্তির কারণে কিছু অংশে গাছ অপসারণ করা যাচ্ছে না। বিষয়টি নিয়ে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এছাড়া শিগগিরই সওজের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু করা হবে।”

সুনামগঞ্জ বন বিভাগের ডেপুটি রেঞ্জার আনিসুর রহমান জানান, “গাছ কাটার বিষয়ে আপাতত নিষেধাজ্ঞা রয়েছে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।”

প্রজেক্ট ইঞ্জিনিয়ার গোলাম আজম সিদ্দিকী বলেন, “গাছ অপসারণ হলে কাজের গতি অনেক বাড়বে। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প শেষ করতে প্রস্তুত।”

সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে সুনামগঞ্জ শহরের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad