দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ
‘জামায়াত ক্ষমতায় এলে চেলা নদীকেন্দ্রিক পর্যটন শিল্প গড়ে তোলা হবে’
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা. হারুন অর রশীদ বলেছেন, জামায়াতে ইসলামী নির্বাচিত হলে দোয়ারাবাজার উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। এর অংশ হিসেবে নরসিংপুর ইউনিয়নের চেলা নদীকে কেন্দ্র করে পরিকল্পিত পর্যটন শিল্প গড়ে তোলা হবে।
রোববার (১১ জানুয়ারি) রাতে নরসিংপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামে দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. হারুন অর রশীদ বলেন, ভারতের মেঘালয় পাহাড় থেকে উৎপন্ন পাহাড়ি চেলা নদী একসময় স্বচ্ছ পানি ও মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের আকর্ষণ করত। কিন্তু অবৈধভাবে খনিজ সম্পদ লুটপাটের কারণে নদীটি আজ অস্তিত্ব সংকটে পড়েছে। সরকার এই নদী থেকে কোটি কোটি টাকা আয় করলেও নদী ও নদীপাড়ের মানুষের উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে স্থানীয় জনগণের অংশগ্রহণে চেলা নদীর দুই তীর পরিকল্পিতভাবে উন্নয়ন করা হবে। নদীর প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ করে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলে কর্মসংস্থানের পাশাপাশি এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।
পূর্ব সোনাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঙ্গুর মিয়ার সভাপতিত্বে এবং উমর ফারুক ও আব্দুল আলিমের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের আমীর আলহাজ্ব আতাউর রহমান, সেক্রেটারি রফিকুর রহমান, নায়েবে আমীর ডা. আবুল কালাম আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।
এ রহমান
মন্তব্য করুন: