দোয়ারাবাজারে স্কুলে তালা দেওয়ার ঘটনায় ১৬ শিক্ষার্থী বহিষ্কার
Led Bottom Ad

দোয়ারাবাজারে স্কুলে তালা দেওয়ার ঘটনায় ১৬ শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

১২/০১/২০২৬ ২০:২৩:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এসএসসি নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল করা এক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবিতে স্কুলে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিদ্যালয়ের এডহক কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি সকালে দশম শ্রেণির শিক্ষার্থী আরিফ বিদ্যালয়ে এসে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতির দাবিতে শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করেন। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ টেস্ট পরীক্ষায় ফলাফলের বিষয়ে জানতে চাইলে আরিফ জানান, তিনি সাত বিষয়ে ফেল করেছেন। পরে তিনি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দিলে অন্য শিক্ষার্থীদেরও পরীক্ষায় অংশ নিতে দেবেন না—এমন হুমকি দেন।

এক পর্যায়ে আরিফ বিদ্যালয়ের কয়েকটি কক্ষে তালা ঝুলিয়ে দেন। ওই সময় তার সঙ্গে আরও কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে জানা গেছে। আরিফ লক্ষ্মীপুর ইউনিয়নের দেলোয়ারনগর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

ঘটনার পর ৮ জানুয়ারি দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অরুপ রতন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে আরিফসহ মোট ১৬ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, “ঘটনায় জড়িত শিক্ষার্থীদের ভূমিকা যাচাই করে বিভিন্ন ক্যাটাগরিতে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কে নেতৃত্ব দিয়েছে, কে সহযোগিতা করেছে বা কে অনুসরণ করেছে—তা বিবেচনায় নিয়ে ন্যায়সঙ্গত শাস্তি নিশ্চিত করা হবে, যাতে কারও প্রতি অবিচার না হয়।”

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, তদন্ত প্রতিবেদনের আলোকে বহিষ্কারের মেয়াদ ও চূড়ান্ত ব্যবস্থা নির্ধারণ করা হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad