শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি বীরবিক্রম সম্মাননা পদক পাচ্ছেন আবু আলী সাজ্জাদ হোসাইন
সুনামগঞ্জের কৃতি সন্তান বরেণ্য লেখক, সাংবাদিক ও আইনজীবী আলহাজ্ব এডভোকেট আবু আলী সাজ্জাদ হোসাইন এবার ‘শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি বীরবিক্রম সম্মাননা পদক’ লাভ করছেন।
আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির মিলনায়তনে আয়োজিত লাইব্রেরির বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মাননা পদক তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লাইব্রেরির সভাপতি ও সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এডভোকেট আবু আলী সাজ্জাদ হোসাইনের জন্ম ১৯৪৭ সালের ২৯ অক্টোবর সুনামগঞ্জ শহরের আরপিননগর এলাকার তালুকদার বাড়িতে। বর্তমানে তিনি পৌর শহরের বনানীপাড়া এলাকায় বসবাস করছেন। তিনি ১৯৬৪ সালে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৬৬ সালে সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৬৮ সালে একই কলেজ থেকে বিএ পাস করেন। ১৯৭০ সালে ঢাকা সেন্ট্রাল ল’ কলেজ থেকে আইন কোর্স সম্পন্ন করে স্বাধীনতার পর ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন।
১৯৭৩ সালে সুনামগঞ্জ জেলা বারে আইন পেশায় যোগদান করেন তিনি এবং ১৯৭৮ সালে সুপ্রিম কোর্ট বারের সদস্য হন। পেশাগত জীবনের শুরুতে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে তিনি সুনামগঞ্জের একজন প্রথিতযশা আইনজীবী হিসেবে সুপরিচিতি লাভ করেন।
সাংবাদিকতায় তিনি দৈনিক পয়গাম, দৈনিক পূর্বদেশ, সাপ্তাহিক হলিডে, দৈনিক বাংলার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সাপ্তাহিক নও-বেলাল ও সাপ্তাহিক বিন্দু বিন্দু রক্তে পত্রিকার কার্যনির্বাহী সম্পাদকসহ বিভিন্ন স্থানীয় পত্রিকা ও সাময়িকীর সঙ্গে যুক্ত ছিলেন।
১৯৯৫ সালে প্রকাশিত তাঁর গ্রন্থ ‘সুনামগঞ্জ জেলার ইতিহাস ও ঐতিহ্য’ জেলার ইতিহাসচর্চায় এক নতুন দিগন্তের সূচনা করে। এ গ্রন্থটি সুনামগঞ্জের ইতিহাস-ঐতিহ্যের এক অনন্য দলিল হিসেবে স্বীকৃত। পরবর্তীতে তাঁর লেখা আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ ‘ফিরে দেখা হজ্ব’ প্রকাশিত হয়।
এডভোকেট আবু আলী সাজ্জাদ হোসাইন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক, জেলা বাস্তবায়ন কমিটির সহসভাপতি, সুনামগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি এবং দীর্ঘদিন সুনামগঞ্জ জেলার সরকারি কৌঁসুলি (পিপি) হিসেবে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় আইনজীবী সমিতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আইন পেশা ও লেখালেখিতে সক্রিয় রয়েছেন।
উল্লেখ্য, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির পক্ষ থেকে প্রতি দুই বছর পরপর একজন গুণী ব্যক্তিকে এই সম্মাননা প্রদান করা হয়। এর আগে চারজন বিশিষ্ট ব্যক্তিত্ব এই পদক লাভ করেছেন। এবছর এডভোকেট আবু আলী সাজ্জাদ হোসাইনকে এই সম্মাননায় ভূষিত করতে পেরে লাইব্রেরি কর্তৃপক্ষ গর্বিত বলে জানিয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: