৫৪ বছর পর দোয়ারাবাজারের সুলতানপুর গ্রামে প্রথমবার এমপি প্রার্থীর রাজনৈতিক প্রচারণা
স্বাধীনতার ৫৪ বছর পর সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুলতানপুর গ্রামে প্রথমবার কোনো জাতীয় সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় নির্বাচনের প্রার্থীর পদচারণার অংশ হিসেবে সুনামগঞ্জ -৫ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী মঙ্গলবার দুপুরে সুলতানপুরে একটি উঠান বৈঠকে অংশ নেন। স্বাধীনতার পর প্রথমবার গ্রামে রাজনৈতিক প্রচারণা চালানোয় গ্রামবাসীর মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
উঠান বৈঠকে বক্তারা গ্রামে অতীতের অবহেলা ও বঞ্চনার কথা স্মরণ করে বলেন, “এবারের নির্বাচনে আমরা যোগ্য ও নিষ্ঠাবান নেতৃত্ব নির্বাচন করতে চাই, যা গ্রামের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।”
প্রায় দুই শতাধিক মানুষ বৈঠকে অংশ নেন এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন।
গ্রামের বর্তমান অবস্থা নিয়ে গ্রামবাসীরা জানান, সুলতানপুরে দীর্ঘদিন কোনো প্রাথমিক বিদ্যালয় নেই, চলাচলের উপযোগী রাস্তা নেই, ফলে আধুনিক শিক্ষার সুযোগ থেকেও বঞ্চিত হয়েছে স্থানীয় জনসাধারণ।
গ্রামের বাসিন্দা আব্দুর রহিম বলেন, “দিন যায়, বছর যায়, কিন্তু সুলতানপুরের মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। নির্বাচনের আগে যেমন কেউ আসে না, নির্বাচনের পরও কেউ খোঁজ নেয় না। আজ প্রার্থীর পদচারণা আমাদের জন্য নতুন আশা জাগিয়েছে।”
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা. হারুন অর রশীদ, সহকারী সেক্রেটারি ডা. হারিস মিয়া, ইউনিয়ন জামায়াতের আমীর ডা. এনামুল হক, সেক্রেটারি জাকির হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ রহমান
মন্তব্য করুন: