ক্রিকেটারদের আল্টিমেটাম
বিসিবি থেকে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব খেলা বন্ধ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ক্রিকেটাররা কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনের প্রথম বিপিএল ম্যাচের আগে যদি তিনি পদত্যাগ না করেন, তবে সব ধরণের খেলা বন্ধ থাকবে বলে জানিয়েছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন।
বুধবার রাতে জুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘শেষ কিছুদিন ধরে যা হচ্ছে, তা গ্রহণযোগ্য নয়। প্রথমে একজন ক্রিকেটারকে, এরপর সব ক্রিকেটারকে নিয়ে যেভাবে বিতর্কিত মন্তব্য করা হচ্ছে, তা পুরো ক্রিকেটাঙ্গনকে ক্ষতিগ্রস্ত করেছে। একজন দায়িত্বশীল বোর্ড পরিচালককে ভাষা ও মন্তব্যের ক্ষেত্রে আরও সাবধান হওয়া উচিত।’
মূলত, এই উত্তেজনা টি–টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভারতে যাওয়া নিয়ে বিতর্কের কারণে সৃষ্টি হয়েছে। বিশ্বকাপে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এর বিষয়ে বিসিবি অর্থ কমিটির চেয়ারম্যানের মন্তব্যে বিষয়টি আরও জটিল হয়। তিনি বলেছিলেন, ‘যদি তারা গিয়ে কিছুই না করতে পারে, তাহলে আমরা যে কোটি কোটি টাকা খরচ করেছি, তা কি ফেরত চাইব নাকি?’
এছাড়া, জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ হিসেবে উল্লেখ করে নাজমুল ইসলাম ফেসবুকে পোস্ট করেন, যা ক্রিকেটার ও ভক্তদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। কোয়াবের বক্তব্য, একজন বোর্ড পরিচালক এই ধরনের মন্তব্য করতে পারেন না এবং এটি পুরো ক্রিকেটাঙ্গনকে প্রভাবিত করে।
মিঠুন আরও বলেন, ‘বিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যদি উনি পদত্যাগ না করেন, আমরা সব ধরণের খেলা স্থগিত রাখব। এটা আমাদের শেষ সতর্কবার্তা।’
এতে বোর্ডের সামনে নাজমুল ইসলামের বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়ার চাপ সৃষ্টি হয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, বোর্ডকে এখন দ্রুত সঠিক পদক্ষেপ নিয়ে ক্রিকেটারদের আস্থা ফিরিয়ে দিতে হবে, নইলে বিপিএলসহ জাতীয় ক্রিকেটের সুষ্ঠু আয়োজন বিপন্ন হতে পারে।
এ রহমান
মন্তব্য করুন: