সুনামগঞ্জে বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৮
Led Bottom Ad

সুনামগঞ্জে বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৮

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৭/০১/২০২৬ ১১:৪৮:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ–সিলেট আঞ্চলিক মহাসড়কে এনা পরিবহনের একটি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত আটজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি পিকআপ ভ্যানের চালক বলে জানা গেছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার ঘোড়ারগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর এনা পরিবহনের বাসটি সড়কের পাশের একটি ছোট খালে পড়ে যায় এবং পিকআপ ভ্যানটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাস সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক মারা যান। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনায় আহতদের মধ্যে ৭ থেকে ৮ জন বিভিন্নভাবে আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত দুইজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে এনা পরিবহনের বাসচালকও রয়েছেন।

সংঘর্ষের পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।

জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ছাতকের ঘোড়ারগাঁও এলাকায় এনা পরিবহনের একটি বাস ও পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া পিকআপের সামনের আসনে থাকা এক আরোহী ও বাসচালক গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad