উত্তর সুরমাকে স্বতন্ত্র উপজেলা করার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি
Led Bottom Ad

উত্তর সুরমাকে স্বতন্ত্র উপজেলা করার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৮/০১/২০২৬ ১২:২৩:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ সদর উপজেলার উত্তরাঞ্চলের ‘উত্তর সুরমা’কে স্বতন্ত্র উপজেলা হিসেবে বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল থেকে দিনব্যাপী উত্তর সুরমা উন্নয়ন পরিষদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রস্তাবিত উত্তর সুরমা উপজেলায় অন্তর্ভুক্ত করার দাবিতে সুরমা, জাহাঙ্গীরনগর ও রঙ্গারচর—এই তিনটি ইউনিয়নের পক্ষে হালুয়ারঘাট ও ধারারগাঁও ফেরিঘাটসহ দুটি গুরুত্বপূর্ণ স্থানে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সময় উত্তর সুরমা উন্নয়ন পরিষদের সদস্য সচিব সামসুল আলম রাসেল বলেন, “এই দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে আমরা সাধারণ মানুষের মতামত ও সমর্থন সংগ্রহ করছি। উত্তর সুরমাকে স্বতন্ত্র উপজেলা হিসেবে বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি জানান, ২০২৫ সালের ৬ ডিসেম্বর উত্তর সুরমা উন্নয়ন পরিষদের যাত্রা শুরু হয়। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও সামাজিক সংগঠন। সংগঠনটির প্রধান লক্ষ্য সুরমা, জাহাঙ্গীরনগর ও রঙ্গারচর ইউনিয়ন নিয়ে একটি স্বতন্ত্র উপজেলা গঠন।

তিনি আরও বলেন, উত্তর সুরমার সার্বিক উন্নয়নের অংশ হিসেবে সুরমা নদীর ওপর সেতু নির্মাণ, ডলুরা শুল্ক স্টেশন ও ইমিগ্রেশন সেন্টার স্থাপন, বালাকান্দা চলতি নদীর ওপর সেতু নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন দাবিতে সংগঠনটি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

সামসুল আলম রাসেল বলেন, “নদী যেখানে আশীর্বাদ হওয়ার কথা, সেখানে উন্নয়নের অভাবে তা আমাদের জন্য অভিশাপে পরিণত হয়েছে। দীর্ঘদিনের এই বঞ্চনার অবসান ঘটাতে উত্তর সুরমার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা জরুরি।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, উত্তরাঞ্চলের কাক্সিক্ষত উন্নয়ন বাস্তবায়িত হলে জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। সেই লক্ষ্যেই তিনটি ইউনিয়নের বিভিন্ন স্থানে একযোগে গণস্বাক্ষর কর্মসূচি চলমান রয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad