গণভোটে ফ্যাসিস্ট শাসন তৈরির পথ বন্ধ হবে: ধর্ম উপদেষ্টা
Led Bottom Ad

গণভোটে ফ্যাসিস্ট শাসন তৈরির পথ বন্ধ হবে: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৯/০১/২০২৬ ১৮:১০:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

গণভোটের মাধ্যমে দেশে ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠার পথ বন্ধ হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, গণভোটের মাধ্যমেই রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার রোধ করে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করা সম্ভব।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে ইমামদের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে একবার কেউ ক্ষমতায় বসতে পারলে নানা কৌশল ও কলাকৌশলের মাধ্যমে সেই ক্ষমতা দীর্ঘায়িত করার প্রবণতা দেখা যায়। বিগত ৫৪ বছরের ইতিহাসে বারবারই আমরা এই চিত্র দেখেছি। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গণভোট একটি কার্যকর ও সময়োপযোগী ব্যবস্থা হতে পারে।’

তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, স্বাধীন নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করার সুযোগ সৃষ্টি হবে। এতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে এবং গণতন্ত্র আরও সুসংহত হবে।

অনুষ্ঠানে গণভোট বিষয়ে প্রধান উপদেষ্টার একটি ভিডিও বার্তা উপস্থিত ইমামদের সামনে প্রদর্শন করা হয়। এ সময় ধর্ম উপদেষ্টা দেশের সব মসজিদের ইমামদের পাশাপাশি মন্দির, গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ধর্মীয় নেতাদের মাধ্যমে সাধারণ জনগণকে গণভোট বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করার নির্দেশনা দেন।

ইমাম সম্মেলনে জেলা রিটার্নিং কর্মকর্তা, হবিগঞ্জের পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad