সিলেট সীমান্তে ১৯ বিজিবির অভিযান, ১৪ লাখ টাকার চোরাই মাল জব্দ

সিলেট সীমান্তে ১৯ বিজিবির অভিযান, ১৪ লাখ টাকার চোরাই মাল জব্দ

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

২৯/১০/২০২৬ ১৪:০৯:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, প্রসাধনী, খাদ্যপণ্য ও গবাদিপশুসহ প্রায় ১৪ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর লোভাছড়া বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল সিলেটের জৈন্তাপুর উপজেলার বাগান বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ২০৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদের সিজারমূল্য ৩ লাখ ১০ হাজার ৫০০ টাকা।

এ ছাড়া একই দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর, সুরাইঘাট ও লোভাছড়া বিওপির পৃথক আভিযানিক টহলদল সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৬০০ পিস ভারতীয় জিলেট গার্ড রেজার, ৪৫৩ পিস নিভিয়া বডি মিল্ক ক্রিম, ৬৯ কেজি ফুসকা, ১৫২ কেজি রসুন ও চারটি গরু জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের সিজারমূল্য ১০ লাখ ৩১ হাজার টাকা।

দুটি অভিযানে জব্দ করা ভারতীয় মদসহ অন্যান্য অবৈধ মালামালের সর্বমোট সিজারমূল্য ১৩ লাখ ৪১ হাজার ৫০০ টাকা, যা প্রায় ১৪ লাখ টাকা।

১৯ বিজিবি জানায়, সীমান্তের সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাইফুল ইসলাম বাবু / রত্না বাউরি/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad