দোয়ারাবাজারে কলিম উদ্দিন মিলন
‘আমি আপনাদের কামলা হয়ে কাজ করতে চাই’
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, “আমি এমপি হতে চাই না, আমি আপনাদের কামলা হিসেবে কাজ করতে চাই। ধানের শীষকে বিজয়ী করুন, আমি জনগণের হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে দিতে চাই।”
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে কলিম উদ্দিন মিলন বলেন, ধানের শীষ বিজয়ী হলে ছাতক-বাঁশতলা সড়ককে চার লেনের আধুনিক সড়কে উন্নীত করা হবে। এছাড়া মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাঁশতলাকে একটি আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বেকার যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আশ্বাসও দেন এই সাবেক সংসদ সদস্য।
প্রতিপক্ষ শিবিরের সমালোচনা করে তিনি বলেন, “যারা আজ ইসলামের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চায়, তাদের আমরা একাত্তরেই চিনেছি। মুক্তিযুদ্ধের সময় তারা দেশবিরোধী কার্যকলাপে যুক্ত ছিল, আজও তারা গণতন্ত্র ও স্বাধীনতার শত্রু। তাদের অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না।”
তিনি আরও যোগ করেন, “ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়। আগামীর বাংলাদেশের হাল ধরবেন দেশনায়ক তারেক রহমান।”
বাংলাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আমীর হোসেন মেম্বারের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সদস্য সেলিম আহমদ রানার সঞ্চালনায় সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। সভায় স্থানীয় ভোটার ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ রহমান
মন্তব্য করুন: