সুনামগঞ্জে ​৭০০ মিটার কাঁচা সড়কে হাজারো মানুষের ভোগান্তি
Led Bottom Ad

পাকাকরণের দাবি মঙ্গলকাটাবাসীর

সুনামগঞ্জে ​৭০০ মিটার কাঁচা সড়কে হাজারো মানুষের ভোগান্তি

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৪/০১/২০২৬ ১১:৪০:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা বাজার সংলগ্ন বাইপাস কাঁচা সড়কটি এখন হাজারো মানুষের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মাত্র ৭০০ মিটার দীর্ঘ এই সড়কটি পাকাকরণ না হওয়ায় বর্ষায় হাঁটু পানি আর কাদা মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে প্রায় পাঁচ হাজার মানুষকে।

​শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে সরেজমিনে দেখা যায়, মঙ্গলকাটা গ্রামের পশ্চিম পাড়া মসজিদের সামনে থেকে প্রধান রাস্তার পাঞ্জেগানা মসজিদ পর্যন্ত সড়কটি পুরোপুরি কাঁচা ও নিচু। স্থানীয়দের অভিযোগ, এই সড়কটি দিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে। সড়কটি পাকা না হওয়ায় বর্ষাকালে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে অসুস্থ রোগী ও শিক্ষার্থীদের যাতায়াত অসম্ভব হয়ে পড়ে।

​গ্রামের বাসিন্দা মো. সাইফুল ইসলাম ও নাজিম উদ্দীন জানান, বাজারের যানজট এড়াতে এই বাইপাস সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এটি নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জাহাঙ্গীরনগর গ্রামের জাহাঙ্গীর মিয়া বলেন, "বাইপাস সড়কটি পাকা করা হলে মঙ্গলকাটা বাজারের দীর্ঘদিনের যানজট সমস্যারও স্থায়ী সমাধান হতো।"

​জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোতালিব বলেন, "সড়কটির ৭০০ মিটার অংশ খুবই নিচু। বর্ষায় এটি পানিতে তলিয়ে যাওয়ায় মুসল্লিদের মসজিদে যেতে এবং শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চরম দুর্ভোগ পোহাতে হয়।"

​জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ এই সমস্যার কথা স্বীকার করে বলেন, "পাঁচ হাজার মানুষের সুবিধা এবং বাজারের যানজট নিরসনের জন্য এই ৭০০ মিটার রাস্তা পাকাকরণ এখন সময়ের দাবি। আমি এলজিইডি কর্তৃপক্ষের নিকট দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর অনুরোধ জানাচ্ছি।"

​এ বিষয়ে সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, "মঙ্গলকাটা গ্রামের ওই কাঁচা রাস্তাটি পাকাকরণের জন্য ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু করা হবে।"

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad