দিরাইয়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সুনামগঞ্জের দিরাইয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়াকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় দিরাই পৌরসভার চণ্ডীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় দিরাই পৌরসভার চণ্ডীপুর এলাকায় উজ্জ্বলের বাড়ি ও খামারে অভিযান চালায় যৌথ বাহিনী। রাত সাড়ে ১২টা পর্যন্ত চলা এই অভিযানে একটি বিদেশি পিস্তল, আট রাউন্ড তাজা গুলি, অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম, বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র এবং কয়েকটি পাসপোর্ট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম রাতেই দিরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার উজ্জ্বল মিয়া দিরাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং দিরাই পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোশাররফ মিয়ার ছেলে। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী শাসনামলে উজ্জ্বল ও তার বাহিনীর তাণ্ডবে পুরো দিরাই তটস্থ থাকত। তার বিরুদ্ধে ট্রিপল মার্ডার (তিন খুন), সাংবাদিকদের ওপর হামলাসহ একাধিক গুরুতর মামলা রয়েছে। গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আত্মগোপনে না গিয়ে রাজনৈতিক প্রশ্রয়ে তিনি অনেকটা দাপটের সাথেই এলাকায় চলাফেরা করতেন বলে জানা গেছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “যৌথ অভিযানে সন্ত্রাসী উজ্জ্বলের হেফাজত থেকে আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”
এ রহমান
মন্তব্য করুন: