শান্তিগঞ্জে ৭৫ কোটির সড়কে ফাটল : ফোরলেন প্রকল্পের কাজ শেষ হতে না হতেই ধস
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়ককে ফোরলেনে রূপান্তরের বহুল প্রত্যাশিত প্রকল্পের কাজে বড় ধরনের ত্রুটি ও ধসের ঘটনা ঘটেছে। নির্মাণাধীন সড়কের গাইড ওয়ালে ফাটল এবং ভিটবালীতে ধস নামায় প্রকল্পের স্থায়িত্ব ও কাজের মান নিয়ে স্থানীয় জনমনে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট থেকে উজানীগাঁও পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক ফোরলেনে উন্নীত করার কাজ চলমান রয়েছে। ৭৫ কোটি ৯৩ লাখ ২৮ হাজার ২৫২ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ‘এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড’। ২০২৫ সালের জুন মাসে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শান্তিগঞ্জ বাজার এলাকা থেকে পুরোদমে চলছিল।
সরেজমিনে গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শান্তিগঞ্জ বাজারের পূর্ব-দক্ষিণ পাশে গিয়ে দেখা যায়, রাস্তার ঢালাই কাজ শেষ হওয়ার পর পরই দক্ষিণ পাশের গাইড ওয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে। গাইড ওয়াল সংলগ্ন ভিটবালীতে ধস নেমে সৃষ্টি হয়েছে বিশাল গর্তের। স্থানীয় সচেতন মহলের দাবি, গাইড ওয়াল ও মাটির ভিত্তি দুর্বল হওয়ার কারণে এই ধস নেমেছে, যা ভবিষ্যতে পুরো সড়কটি ধেবে যাওয়ার ঝুঁকি তৈরি করছে।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার সাকিব ধসের বিষয়টি স্বীকার করে বলেন, “যেখানে হালকা ধস দেখা দিয়েছে সেখানে দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে। ড্রেন, ফুটপাত ও গাইড ওয়াল নির্মাণ সম্পন্ন হলে ভবিষ্যতে আর ধসের সম্ভাবনা থাকবে না।”
অন্যদিকে, প্রকল্পের তদারকির দায়িত্বে থাকা সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহমদ উল্লাহর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিপুল পরিমাণ অর্থের এই প্রকল্পের শুরুতেই এমন ধস নামায় কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাদের মতে, শুরুতেই যদি এমন ফাটল ও ধস দেখা দেয়, তবে ভারী যানবাহন চলাচল শুরু হলে সড়কটি কতটুকু টেকসই হবে তা নিয়ে গভীর সংশয় রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: