​জামালগঞ্জে কৃষাণী মর্জিনার লাউ চাষে বাজিমাত
Led Bottom Ad

কম খরচে লাভ ৮০ হাজার

​জামালগঞ্জে কৃষাণী মর্জিনার লাউ চাষে বাজিমাত

নিজস্ব প্রতিনিধি,জামালগঞ্জ

২৫/০১/২০২৬ ২৩:০৭:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কদমতলী গ্রামের কৃষাণী মর্জিনা বেগম বাড়ির আঙিনায় লাউ চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। মাত্র ২০ হাজার টাকা খরচ করে দুই মাসেই তিনি ৬০ হাজার টাকার লাউ বিক্রি করেছেন। মৌসুমি এই চাষাবাদে আরও অন্তত ২০ হাজার টাকা লাভের আশা করছেন তিনি।

​মর্জিনা বেগম কেবল লাউ নয়, দেড় বিঘা জমিতে লাউ চাষের পাশাপাশি এক বিঘা জমিতে মরিচ, এক বিঘা জমিতে ঢেঁড়শ, দুই বিঘা জমিতে বাদাম এবং দুই বিঘা জমিতে ধান চাষ করছেন। মর্জিনা জানান, তাঁর লাউ ক্ষেতে কোনো প্রকার ক্ষতিকর কীটনাশক ব্যবহার করা হয়নি। মূলত জৈব সারের ওপর ভিত্তি করেই তিনি বিষমুক্ত সবজি উৎপাদন করছেন, যার বাজারে ব্যাপক চাহিদা রয়েছে।

​মর্জিনা বেগমের সাফল্যের কথা জানিয়ে তাঁর স্বামী সাইদুল ইসলাম বলেন, “সংসারের কাজের পাশাপাশি মর্জিনা সমানতালে মাঠে কাজ করে। আমি হালচাষ ও বীজ বপনে সহযোগিতা করি। প্রতিটি লাউ পাইকারি দরে ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সরকারি বীজ বা সার সহযোগিতা পেলে আমরা আরও বড় পরিসরে সবজি উৎপাদন করতে পারতাম।”

​মর্জিনা বেগমের এই অভাবনীয় লাভ দেখে উদ্বুদ্ধ হয়ে ওই গ্রামের বিলকিস বেগম ও রুজিনা আক্তারসহ আরও অনেক নারী সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

​উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা জানান, এই মৌসুমে উপজেলায় বাণিজ্যিকভাবে ২০ হেক্টর জমিতে লাউ চাষ করা হয়েছে। তিনি বলেন, “বর্তমানে কৃষক-কৃষাণীরা জৈব পদ্ধতিতে বিষমুক্ত সবজি উৎপাদন করতে সক্ষম হচ্ছেন। আমরা ৫০ জন কৃষাণীকে সবজি বীজ সহায়তা দিয়েছি। আগামীতে বিভিন্ন প্রণোদনার মাধ্যমে সবজি আবাদ আরও বৃদ্ধির পরিকল্পনা রয়েছে আমাদের।”

​সরকারি সহায়তা ও সঠিক পরামর্শ পেলে জামালগঞ্জের হাওরপাড়ের শত শত নারী মর্জিনা বেগমের মতো স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad