ছাতক-দোয়ারার উন্নয়নে লাঙ্গল প্রতীকের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম দিনব্যাপী বিশাল গণসংযোগ করেছেন। রবিবার (২৫ জানুয়ারি) দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্টে লাঙ্গল প্রতীকের পক্ষে তিনি এই প্রচারণা চালান।
সকাল থেকে শুরু করে বিরতিহীনভাবে তিনি উপজেলার প্রতাপপুর বাজার, বঙ্গবন্ধু বাজার, দোহালিয়া বাজার, বিয়ানী বাজার, শ্যামলবাজার ও আমবাড়ি বাজারে সাধারণ ব্যবসায়ী, পথচারী এবং ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। এসময় লাঙ্গল প্রতীকের সমর্থনে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক তার সাথে গণসংযোগে অংশ নেন।
গণসংযোগকালে জাহাঙ্গীর আলম বলেন, “ছাতক ও দোয়ারাবাজারের মানুষ দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। রাস্তাঘাটের বেহাল দশা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের পিছিয়ে পড়া অবস্থা দূর করতে লাঙ্গল প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই। পল্লীবন্ধু এরশাদের উন্নয়নের ধারাকে ফিরিয়ে আনতে মানুষ এখন লাঙ্গলের দিকে তাকিয়ে আছে।”
তিনি আরও যোগ করেন, “নির্বাচিত হলে আমি ছাতক-দোয়ারাবাজারকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তুলব। বিশেষ করে সীমান্তবর্তী এলাকার মানুষের কর্মসংস্থান ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আমি সর্বোচ্চ অগ্রাধিকার দেব।”
গণসংযোগে দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেনু মিয়া, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নূর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ, জাপা নেতা মোহাম্মদ আলী মিলনসহ জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ রহমান
মন্তব্য করুন: