তাহিরপুরে ধানের শীষের পক্ষে আমদানিকারক গ্রুপের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা
সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান কামরুলের সমর্থনে কোমর বেঁধে মাঠে নেমেছেন তাহিরপুর আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দ। সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার চারাগাঁওসহ বিভিন্ন এলাকায় তারা ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
তাহিরপুর উপজেলা আমদানিকারক গ্রুপের সভাপতি হাজি খসরুল ও সাধারণ সম্পাদক সবুজ আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী ও হাজি সামাদ মুন্সিসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
তারা চারাগাঁও শুল্ক স্টেশনের ব্যবসায়ী ও স্থানীয় সাধারণ ভোটারদের হাতে ধানের শীষের লিফলেট তুলে দিয়ে এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কামরুজ্জামান কামরুলকে বিজয়ী করার আহ্বান জানান।
গণসংযোগকালে হাজি খসরুল বলেন, “এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। কামরুজ্জামান কামরুল এই এলাকার মাটি ও মানুষের নেতা। তিনি নির্বাচিত হলে তাহিরপুরসহ পুরো সংসদীয় এলাকায় দৃশ্যমান উন্নয়ন হবে।”
সাধারণ সম্পাদক সবুজ আলম বলেন, “ব্যবসায়ী সমাজ আজ ঐক্যবদ্ধ। আমরা বিশ্বাস করি, ধানের শীষে ভোট দিলে দেশে সুখ ও সমৃদ্ধি ফিরে আসবে।”
সুনামগঞ্জ-১ আসনে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মূলত ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এই আসনের ৩ জন মূল প্রতিদ্বন্দ্বী হলেন কামরুজ্জামান কামরুল (বিএনপি) – প্রতীক: ধানের শীষ, মাওলানা তোফায়েল আহমেদ খান (জামায়াতে ইসলামী) – প্রতীক: দাঁড়িপাল্লা, মাওলানা মোজাম্মিল হক তালুকদার (নেজামে ইসলাম পার্টি) – প্রতীক: বই।
প্রায় ৪ লাখ ৯০ হাজার ভোটারের এই বিশাল নির্বাচনী এলাকায় জয় নিশ্চিত করতে প্রার্থীরা দিন-রাত প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে কয়লা ও পাথর আমদানিকারকদের এই প্রভাবশালী গ্রুপটি বিএনপির পক্ষে মাঠে নামায় ভোটের মেরুকরণে নতুন মাত্রা যোগ হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: