দিরাইয়ে জামায়াত প্রার্থী শিশির মনিরের গাড়িতে হামলা, আহত ১
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের নির্বাচনি প্রচার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার তাড়ল ইউনিয়নের কাদিরপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে একজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে তাড়ল ইউনিয়নের ধল বাজারে নির্বাচনি প্রচারণা চালায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শিশির মনিরের সমর্থকরা। প্রচারণা শেষে গাড়িটি দিরাই সদরে ফেরার পথে কাদিরপুর গ্রামে পৌঁছালে হামলার মুখে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে চলন্ত গাড়িটি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে প্রচার গাড়ির সামনের গ্লাস ভেঙে চুরমার হয়ে যায় এবং গাড়িতে থাকা একজন গুরুতর আহত হন।
হামলায় আহত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, “হামলার ঘটনায় একজন আহত হওয়ার খবর পেয়েছি। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ রহমান
মন্তব্য করুন: