সুনামগঞ্জ-৪ আসনে ভোটারদের মুখোমুখি প্রার্থীরা
সুনামগঞ্জ-৪ আসনে নির্বাচনে জয়ী হলে এলাকার উন্নয়নে কী ভূমিকা রাখবেন এবং নাগরিকদের অধিকার রক্ষায় তাঁদের পরিকল্পনা কী—এমন সব প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের মুখোমুখি হয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। শনিবার সকালে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর আয়োজনে শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে 'জনগণের মুখোমুখি' শীর্ষক এক ব্যতিক্রমী অনুষ্ঠানে অংশ নেন তাঁরা।
অনুষ্ঠানে ভোটারদের বিভিন্ন তীক্ষ্ণ প্রশ্নের সরাসরি জবাব দেন প্রার্থীরা। সুজনের জেলা সভাপতি নুরুল হক আফিন্দীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আবু ছালেহ মুহাম্মদ ইউছুফ ও সহকারী কমিশনার রায়হান উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও ভোটারদের প্রশ্নের উত্তর দেন সুনামগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরিন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম পলাশী।
এ সময় প্রার্থীরা দুর্নীতিমুক্ত সমাজ গঠন, হাওরাঞ্চলের কৃষকদের সুরক্ষা, বেকারত্ব দূরীকরণ এবং সুনামগঞ্জকে একটি মডেল জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। বক্তারা বলেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে জনগণ আর কোনো অন্ধকার রাজনীতি দেখতে চায় না; তারা চায় স্বচ্ছতা ও জবাবদিহিতা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুজনের উপদেষ্টা ও প্রাক্তন অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, উপদেষ্টা সুখেন্দু সেন এবং সহ-সভাপতি আলী হায়দারসহ সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ ভোটাররা। প্রার্থীরা নির্বাচনি আচরণবিধি মেনে চলা এবং একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ রহমান
মন্তব্য করুন: